
বুশরা বিবি ও ইমরান খান।
শেষ আপডেট: 26 November 2024 18:34
দ্য ওয়াল ব্যুরো: জেলবন্দি স্বামীকে মুক্ত না করে তিনি (Bushra Bibi) ফিরবেন না! ইসলামাবাদের ডি জোন এবং রেড জোনে যে করেই হোক প্রবেশ করবেন। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির এমনই অনড় অবস্থানে বিপাকে পড়েছে পাকিস্তান সরকার। অনেকেই বলছেন, অগ্নিকন্যা বেনজির ভুট্টোর ছাপ যেন দেখা যাচ্ছে এই বুশরার মধ্যে।
বুশরা বিবির নেতৃত্বে প্রতিবাদ
ইমরান খানের তৃতীয় স্ত্রী বুশরা বিবি রীতিমতো রণং দেহি মূর্তিতে তাঁর সমর্থকদের নেতৃত্ব দিচ্ছেন। তাঁর সমর্থকরা ইমরান খানের মুক্তির দাবিতে দেশজুড়ে প্রতিবাদ করছেন। প্রতিবাদের জেরে ছড়াচ্ছে হিংসা। তাতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
ঐতিহ্যবাহী ইসলামিক বোরখা পরা, মুখ ও মাথা ঢাকা—প্রায় সবসময় এভাবেই জনসমক্ষে আসেন বুশরা বিবি। সম্প্রতি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিবাদ মিছিলে তার সক্রিয় ভূমিকা সবার নজর কেড়েছে। একটি গাড়ির ভিতরে বসে থাকা অবস্থাতেই তিনি ইসলামাবাদের ডি-চকে সমাবেশের জন্য আহ্বান জানান সমর্থকদের।
বুশরা বিবির পরিচয় ও অতীত
বুশরা বিবিকে কেউ কেউ আধ্যাত্মিক গুরু, কেউ বা 'রহস্যময়ী' বলেও উল্লেখ করে থাকেন। তিনি ইমরান খানের তৃতীয় স্ত্রী। তিনি পাকিস্তানের এক প্রভাবশালী রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন এবং খাওয়ার মানেকার সঙ্গে প্রথম বিবাহবন্ধনে আবদ্ধ হন।
২০১৮ সালে ইমরান খান বুশরাকে বিয়ে করেন। বিয়ের আগেই তিনি আধ্যাত্মিক উপদেষ্টা ও তান্ত্রিক হিসেবেই খ্যাতি অর্জন করেছিলেন। স্থানীয় গণমাধ্যমে শোনা যায়, বুশরার সঙ্গে বিয়ে করার পরেই ইমরানের ভাগ্য বদলায়।
পাঁচ সন্তানের মা এই বুশরা। ২০১৭ সালে প্রথম স্বামীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ ঘটে। তাঁর বিরুদ্ধে খাওয়ার মানেকা অভিযোগ করেন যে, তিনি ধর্মীয় বিধিনিষেধ অমান্য করে ইমরান খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।
আইনগত জটিলতা ও সংগ্রাম
ইমরান খান গদি থেকে অপসারণের পরে তাঁর ও তাঁর স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে প্রায় ২০০টির মতো মামলা হয়। এই মামলাগুলির মধ্যে রয়েছে দুর্নীতির অভিযোগ এবং তোশাখানা সংক্রান্ত মামলা।
এসব দুর্নীতির মামলায় গত বছরের জানুয়ারি থেকে জেলে আটক ইমরান। একই মামলায় জেলে ছিলেন স্ত্রী বুশরাও। এ বছর অক্টোবরে জামিনে মুক্তি পান বুশরা। তারপর পিটিআই অর্থাৎ ইমরানের পার্টি পাকিস্তান তেহেরিক ই ইনসাফের নেতৃত্ব নিজের কাঁধে তুলে নেন বুশরা।
প্রতিবাদের মুখপাত্র
বর্তমানে স্বামীকে মুক্তির দাবিতে খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকে গত রবিবার রাজধানী ইসলামাবাদ অভিমুখে অভিযান শুরু করেছেন তিনি। সোমবার সন্ধেয় অভিযানকারীদের নিয়ে ইসলামাবাদে প্রবেশ করেন ইমরান-পত্নী। মঙ্গলবার সকালে ডি জোন ও রেড জোন অভিমুখে রওনা দেন। ইসলামাবাদ পুলিশ গোটা শহরে ১৪৪ ধারা জারি করে বিক্ষোভকে বেআইনি ঘোষণা করেছে।
এই অবস্থায় ইসলামাবাদের পুলিশ কমিশনার বুশরার সঙ্গে দেখা করে তাঁকে ডে জোন এবং রেড জোনে যাওয়ার কর্মসূচি বাতিলের আর্জি জানান। জানা গিয়েছে, জেল থেকে ইমরানও স্ত্রী'কে বার্তা দিয়েছেন, প্রশাসনের পরামর্শ মতো চলতে। কিন্তু বুশরা বিবি অনড়। তিনি ঘোষণা করেছেন, প্রশাসনের সদর দফতরের সামনে দাঁড়িয়ে স্বামীকে মুক্তির দাবি জানাবেন।