
শেষ আপডেট: 17 December 2023 20:21
দ্য ওয়াল ব্যুরো: ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা। ইজরায়েলের হামলা থেকে রক্ষা পায়নি গাজার বৃহত্তম হাসপাতাল আল শিফাও। বিগত দিনে বারে বারে সেই ভয়াবহ পরিস্থিতি উঠে এসেছে শিরোনামে। আর এবার দ্রুত আল শিফার পরিষেবা স্বাভাবিক করার বার্তা পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই হাসপাতালের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে হু জানাল, ‘রক্তে ভেসে যাচ্ছে’ আল-শিফা।
শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিনিধি দল ত্রাণসামগ্রী নিয়ে ওই হাসপাতালে পৌঁছয়। প্রতিনিধিদের হাসপাতালটিতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে সেটি বিবৃতি আকারে প্রকাশ করেছে ‘হু’। নিজেদের এক্স হ্যান্ডলে হু জানিয়েছে, ধুঁকছে আল শিফার পরিষেবা। কোনও রকমে কয়েকজন চিকিৎসক এবং নার্স এখনও সেখানে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে দ্রুত স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক করতে হাসপাতালটির পুনরুজ্জীবন প্রয়োজন।
উত্তর গাজার অসুস্থ মানুষেরা এখনও চিকিৎসার জন্য আল আহলি আরব হাসপাতালের উপর ভরসা করছে। কিন্তু সেখানেও অত্যাধুনিক চিকিৎসা, খাবার এবং পানীয় জলের অভাব রয়েছে। ইজরায়েলের হানা থেকে থেকে রক্ষা পেতে অনেক প্যালেস্টাইনি আবার আল-শিফার জরুরি বিভাগে আশ্রয় নিয়েছেন। বর্তমানে ওই হাসপাতালটিতে ৩০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
আল শিফায় যাতে নূন্যতম পরিষেবা পাওয়া যায় তার জন্য পরিস্থিতি স্বাভাবিক করার বার্তা দিয়েছে হু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নিয়মিত জল, খাবার, জ্বালানি, ওষুধের জোগান দিলে ওই হাসপাতালের ২০ টি অপারেশন থিয়েটার পুনরায় সক্রিয় হয়ে উঠবে।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাসের সশস্ত্র বাহিনীর হামলার পর পাল্টা আক্রমণ করে ইজরায়েল। ইতিমধ্যে গাজায় মৃতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গিয়েছে। যার মধ্যে বেশিরভাগই মহিলা এবং শিশু। ইজরায়েলের বোমার আঘাতে গাজার সমস্ত স্বাস্থ্য পরিকাঠামোয় প্রভাব পড়েছে।