দ্য ওয়াল ব্যুরো: তালিবান চোখের জল ফেলছে ভারতীয় চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকের মৃত্যুতে! আমরা দুঃখিত, বলেছে তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। শুক্রবার আফগানিস্তানের কান্দাহার প্রদেশে আফগান বাহিনীর সঙ্গে তালিবান যোদ্ধাদের লড়াই কভার করার সময় গুলিতে পুলিত্জার সহ নানা পুরস্কারজয়ী রয়টার্স সংবাদ সংস্থার চিত্রসাংবাদিক দানিশ প্রাণ হারান। মুজাহিদের দাবি, কার গুলিতে ওর মৃত্যু হয়েছে, জানি না। কী করে ও মারা গেল, বলতে পারব না। সেইসঙ্গে মুজাহিদকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা আরও বলেছে, যে কোনও সাংবাদিকেরই ওয়ার জোনে ঢুকতে গেলে আমাদের অবশ্যই জানানো উচিত। আমরা সংশ্লিষ্ট ব্যক্তির সঠিক খেয়াল, নজর রাখব। ভারতীয় সাংবাদিক দানিশ সিদ্দিকির মৃত্যুতে আমরা দুঃখিত। সাংবাদিকরা আমাদের অবগত না করে ওয়ার জোনে ঢুকে পড়ছেন, এটা দুঃখজনক।
গতকাল পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছে আফগান বাহিনী, তালিবান সংঘর্ষ কভার করতে গিয়ে ৩৮ বছরের দানিশের মারা যাওয়ার খবর নিশ্চিত করেন এক আফগান কমান্ডার। তিনি রয়টার্সকে জানান, আফগান স্পেশাল ফোর্স স্পিন বোলডাকের প্রধান বাজার এলাকা পুনর্দখলে লড়াই চালাচ্ছিল, যখন দানিশ ও এক সিনিয়র আফগান অফিসার নিহত হন। তালিবানের পাল্টা গুলিতেই ওঁদের মৃত্যু হয়েছে বলে আফগান বাহিনীর দাবি।
রয়টার্সের প্রেসিডেন্ট মাইকেল ফ্রেডেনবার্গ ও এডিটর-ইন-চিফ আলেসান্দ্রা গালোনি এক বিবৃতিতে বলেছেন, আমরা ওই এলাকার কর্তৃপক্ষের সঙ্গে মিলে জরুরি ভিত্তিতে আরও তথ্য খুঁজছি। দানিশ ছিলেন এক অসাধারণ সাংবাদিক, এক দায়বদ্ধ স্বামী, পিতা ও সবার ভীষণ প্রিয় একজন সহকর্মী। এই ভয়ঙ্কর সময়ে আমরাও ওঁর পরিবারের পাশে রয়েছি।
সংবাদ সংস্থা পিটিআই গোটা বিষয়টির সঙ্গে অবহিত লোকজনকে উদ্ধৃত করে জানিয়েছে, তালিবান আন্তর্জাতিক রেড ক্রসের হাতে দানিশের দেহ তুলে দিয়েছে। ভারতকে এব্যাপারে জানানো হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ দেহ দেশে ফেরানোর ব্যাপারে পদক্ষেপ করছে।
বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা রাষ্ট্রপুঞ্জে ভাষণ দেওয়ার সময় দানিশের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। আফগান প্রেসিডেন্ট আশরফ গনি দুঃখ প্রকাশ করে বলেছেন, নিহত সাংবাদিকের পরিবারকে সমবেদনা জানাই, পাশাপাশি অবাধ বাকস্বাধীনতা, মত প্রকাশের অধিকার রক্ষায় আমার সরকারের দায়বদ্ধতার কথাও ফের জানাচ্ছি।