ইউক্রেনের বিরুদ্ধে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল পুতিনের বাহিনী। তারই প্রত্যাঘাত করেছে জেলেনস্কির দেশ।

ভ্লাদিমির পুতিন এবং জেলেনস্কি
শেষ আপডেট: 5 June 2025 17:49
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের বিরুদ্ধে ভারত যেমন 'অপারেশন সিঁদুর' অভিযান করেছিল, ঠিক তেমনভাবেই রাশিয়ার (Russia) বিরুদ্ধে ইউক্রেন (Ukraine) স্পাইডার ওয়েব (Spider Web) অভিযান করেছে। সেই হামলায় রাশিয়ার ৪০টিরও বেশি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে। স্বাভাবিকভাবে রাশিয়াও চুপ করে বসে থাকার নয়। ইউক্রেনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন।
রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলার ঘটনা প্রসঙ্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) জানিয়ে দিলেন, এর জবাব তাঁরা অবশ্যই দেবেন। তবে কবে আর কীভাবে, সেটা দেশের সেনাবাহিনীই ঠিক করবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং পুতিনের মধ্যে ৭৫ মিনিটের দীর্ঘ টেলিফোন আলাপের একদিন পর মস্কো এই হুঁশিয়ারি দিয়েছে। দুই পক্ষের আলোচনায় যে ইউক্রেন প্রসঙ্গে উঠে এসেছিল তা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তিনি এও বলেছিলেন, শুধুমাত্র এই আলোচনার ফলে সঙ্গে সঙ্গে শান্তি আসবে, এমন কিছু নয়। তারপরই কড়া হুঁশিয়ারি দিল রাশিয়া।
সম্প্রতি ইউক্রেনের বিরুদ্ধে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল পুতিনের বাহিনী। তারই প্রত্যাঘাত করেছে জেলেনস্কির দেশ। এই অভিযানের মাধ্যমে ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডের ৫০০ থেকে সাড়ে ৪ হাজার কিলোমিটার ভিতরে ঢুকিয়ে দিয়েছিল কমপক্ষে ১১৭টি ড্রোন। আর এটি তাঁরা করেছিল বেশ কয়েকটি ট্রাকের সাহায্যে।
ইউক্রেন সেনা হামলাকারী ড্রোনগুলিকে আগে থেকেই বেশ কয়েকটি ট্রাকে করে রাশিয়ার সীমান্ত পার করিয়ে দিয়েছিল। পরে রিমোর্ট কন্ট্রোল দিয়ে তাতে বিস্ফোরণ ঘটানো হয়। সূত্রের খবর, একাধিক কাঠের বাক্সে ড্রোনগুলিকে রাখা হয়েছিল এবং ঢাকনা হিসেবে ব্যবহার করা হয়েছিল ধাতব প্লেট। মূলত রাশিয়ার চারটি বিমানঘাঁটির কাছে পাঠানো হয়েছিল ওই ট্রাকগুলি। সেখান থেকেই বাকি পরিকল্পনা সারা হয়।
২০২২ সাল থেকে শুরু হওয়া যুদ্ধের পর এখনও পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে বহুবার ড্রোন হামলা করেছে ইউক্রেন। তবে এইভাবে এত পরিকল্পনামাফিক হামলা এই প্রথম। এবার রাশিয়া কত বড় প্রত্যাঘাত করে, সেটাই দেখার।