
পাইপ দিয়ে জল পড়ছে চিনের জলপ্রপাতে
শেষ আপডেট: 7 June 2024 15:15
দ্য ওয়াল ব্যুরো: পাহাড়ি অঞ্চলে বা অন্য কোথাও জলপ্রপাতের একটা আলাদা সৌন্দর্য আছে। অনেকক্ষণ কোনও জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে, চোখ বন্ধ করে শুধু জলের কুলকুল আওয়াজ শুনে কাটিয়ে দেওয়া যায়। কিন্তু যদি কেউ টের পান, যে জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে সময় উপভোগ করছেন সেটি আসলে ভুয়ো, তখন! পুরো আনন্দই মাটি। সম্প্রতি চিনের উচ্চতম জলপ্রপাত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
ইয়ুনতাই জলপ্রপাতকে সে দেশের উচ্চতম জলপ্রপাত বলা হয়। কিন্তু সেটা নাকি কোনও প্রাকৃতিক জলপ্রপাতই নয়, ভুয়ো! সব জল নাকি পাইপ দিয়ে বের করা হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিছু ছবি এবং ভিডিও। তাতে দেখা যাচ্ছে, একাধিক পাইপ বসানো আছে পাহাড়ের ওপর। তা দিয়েই ক্রমাগত জল পড়ে চলছে। যদিও এই ভিডিও বা ছবির সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
প্রতি বছর হাজার হাজার পর্যটক চিন আসেন। তাঁদের অনেকেই আসেন এই জলপ্রপাত দেখতে। তবে যে খবর সামনে এসেছে তাতে যে পর্যটকরা অখুশি হবেন তা বলাই বাহুল্য। যে জিনিসকে তারা প্রাকৃতিক ভেবে তার মনোরম দৃশ্য উপভোগ করেছেন, সেটি আসলে নকল, তৈরি করা! এটা ভেবেই ক্ষুব্ধ হচ্ছেন অনেকে।
সোশ্যাল মিডিয়ায় এই জলপ্রপাতটির একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সম্প্রতি ড্রোনের মাধ্যমে জলপ্রপাতটির ছবি তোলা হয়েছিল। তাতে দেখা গেছে, মোটা মোটা একাধিক পাইপের মাধ্যমে জল বেরিয়ে আসছে। তবে ইয়ুনতাই মাউন্টেন পার্ক কর্তৃপক্ষ পাইপের ব্যাপারটি অস্বীকার না করলেও জলপ্রপাত যে নকল সেটি অস্বীকার করেছে।
The source of Asia's highest #waterfall is a water pipe????? In Xiuwu County, Henan Province, the Yuntai Mountain Scenic Area boasts the "highest waterfall in Asia," the Yuntai Mountain Waterfall, with a staggering drop of 314 meters.
— Shanghai Daily (@shanghaidaily) June 4, 2024
A man discovered with a #drone on Tuesday that… pic.twitter.com/m4EJ7rjQz7
তাঁদের বক্তব্য, জলপ্রপাতটি ১০০ শতাংশ প্রাকৃতিক তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু গরমের মরসুমে জলের পরিমাণ কমে যায়। তাই জলপ্রপাতের সুন্দর দৃশ্য দেখতে আসা পর্যটকরা যাতে হতাশ না হন তাই কয়েকটি পাইপ দিয়ে জল পাম্প করার ব্যবস্থা করা হয়েছে।