বিমান মোতায়েন, যুদ্ধজাহাজ পাঠানো, আঞ্চলিক ঘাঁটি সক্রিয় করা- ইরান অভিযানের আগে মার্কিন সেনা যে বিশাল সামরিক প্রস্তুতি নেয় তারজন্য খরচ প্রায় ৬৩০ মিলিয়ন ডলার।

ডোনাল্ড ট্রাম্প (ফাইল ছবি)
শেষ আপডেট: 4 March 2026 09:03
দ্য ওয়াল ব্যুরো: সর্বশক্তি দিয়ে ইরানের উপর কার্যত ঝাঁপিয়ে পড়েছে আমেরিকা (Iran-US Tension)। বুধবার এই সংঘর্ষ গড়াল পঞ্চম দিনে। এখনও পশ্চিম এশিয়ায় উত্তেজনা (Middle East Tension) কমার কোনও আভাস মেলেনি। এদিকে এই 'যুদ্ধে' বিপুল অর্থ খরচ করে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখনও পর্যন্ত কয়েক হাজার কোটি টাকা ব্যয় হয়েছে তাদের।
গত শনিবার ইজরায়েল-আমেরিকা যৌথভাবে ইরানে হামলা (Iran-Israel-US Conflicts) চালায়। সূত্রে খবর, মার্কিন বাহিনীর হামলার প্রথম ২৪ ঘণ্টায় খরচ হয়েছে ৭৭৯ মিলিয়ন ডলার যা ভারতীয় টাকায় প্রায় ৬ হাজার ৯০০ কোটি টাকা।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) জানিয়ে দিয়েছেন, যুদ্ধ অন্তত একমাস বা তার বেশি সময়েও চলতে পারে। অর্থাৎ এই খাতে খরচ যে আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।
সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটির (Center for New American Security) তথ্য বলছে, বিশ্বের সবচেয়ে বড় এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার USS Gerald R Ford-সহ একটি ‘ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ’ পরিচালনায় দৈনিক খরচ প্রায় ৬.৫ মিলিয়ন ডলার।
বিমান মোতায়েন, যুদ্ধজাহাজ পাঠানো, আঞ্চলিক ঘাঁটি সক্রিয় করা- ইরান অভিযানের আগে মার্কিন সেনা যে বিশাল সামরিক প্রস্তুতি নেয় তারজন্য খরচ প্রায় ৬৩০ মিলিয়ন ডলার।
যুদ্ধ দীর্ঘদিন চললে খরচ কোথায় পৌঁছবে?
পেন ওয়ার্টন বাজেট মডেলের ডিরেক্টর ও বিশিষ্ট অর্থনৈতিক বিশ্লেষক কেন্ট স্মেটার্সের হিসাব অনুযায়ী, যুদ্ধ যদি ট্রাম্পের ইঙ্গিত মতো দীর্ঘায়িত হয়, তবে মোট খরচ ২১০ বিলিয়ন ডলার (ভারতীয় টাকায় প্রায় ১৮.৮৭ লক্ষ কোটি টাকা) ছাড়িয়ে যেতে পারে।
ইজরায়েলকে (Israel) ইতিমধ্যেই বিলিয়ন ডলার টাকার আর্থিক সহযোগিতা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-ইজরায়েল যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকা ২১.৭ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছে ইজরায়েলকে। ইরান, ইয়েমেন এবং আরবদুনিয়ার বিভিন্ন অভিযানেও মার্কিন যুক্তরাষ্ট্র খরচ করেছে ৯.৬৫ থেকে ১২.০৭ বিলিয়ন ডলার।
সব মিলিয়ে মার্কিন ব্যয় দাঁড়ায়, ৩১.৩৫ বিলিয়ন থেকে ৩৩.৭৭ বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় টাকায় ২.৮২ থেকে ৩.০৪ লক্ষ কোটি টাকা।
ট্রাম্প-ইরান: কেউই পিছু হটতে রাজি নয়
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, 'প্রথমে ভেবেছিলাম হয়তো চার-পাঁচ সপ্তাহ যুদ্ধ চলবে, কিন্তু এখন আরও বেশি সময় লাগলেও আমরা প্রস্তুত।' একইসঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইরানের সঙ্গে কোনওরকম আলোচনায় বসতে রাজি নন তিনি।
অন্যদিকে, ইরানও জানিয়ে দিয়েছে যে আক্রমণ করা বন্ধ না হলে তারাও পিছু হটবে না।