
ফাইল ছবি।
শেষ আপডেট: 15 March 2025 07:34
দ্য ওয়াল ব্যুরো: প্যালেস্তাইনের সন্ত্রাসবাদী সংগঠন হামাসকে সমর্থন করার অভিযোগ উঠেছে এক ভারতীয় স্কলারের বিরুদ্ধে (Indian scholar at Columbia University for advocating violence, terrorism)। হিংসা ও সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়ার ভিসা বাতিল করল মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ (US revokes visa )।
অভিযুক্ত পড়ুয়ার নাম রঞ্জনি শ্রীনিবাসন। গত ৫ মার্চ তাঁর ভিসা বাতিল করে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট (ডিএইচএস)। এরপরই ১১ মার্চ ওই পড়ুয়া সিবিপি হোম অ্যাপ ব্যবহার করে স্বেচ্ছা নির্বাসনে আমেরিকা ছেড়েছেন বলে সংবাদ সংস্থাকে জানিয়েছে ডিএইচএস।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সেক্রেটারি ক্রিস্টি নোয়েমের দাবি, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ওই ছাত্রী জঙ্গি সংগঠন হামাসের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। ভিসা বাতিলের পর সিবিপি হোম অ্যাপ ব্যবহার করে ওই ছাত্রী যে স্বেচ্ছায় নির্বাসনে গিয়েছেন, তার ভিডিও ফুটেজও সামনে এনেছে ডিএইচএস। তবে হামাসের সঙ্গে যুক্ত থাকার যে অভিযোগ আনা হচ্ছে, এ সংক্রান্ত কোনও তথ্য প্রমাণ এখনও সামনে আনেনি মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ।
স্বভাবতই ভারতীয় পড়ুয়ার বিরুদ্ধে আনা সন্ত্রাসবাদীযোগের অভিযোগ ঘিরে নানা মহলে প্রশ্ন উঠছে। কারণ, এর আগে মার্কিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলিতে ইহুদি পড়ুয়াদের হেনস্থা করার অভিযোগ উঠেছিল। ইতিমধ্যে ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে যে তারা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ফেডারেল তহবিল থেকে প্রায় ৪০০ মিলিয়ন ডলার প্রত্যাহার করবে। ফলে অনেকেই বিষয়টিকে দুয়ে দুয়ে চার করে দেখতে চাইছেন।
প্রসঙ্গত, গাজায় ইজরায়েলের যুদ্ধের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভে গতবছর কেঁপে উঠেছিল আমেরিকার ক্যাম্পাসগুলি। কয়েকটি ক্যাম্পাসে পুলিশের সঙ্গে আন্দোলনরত পড়ুয়াদের সংঘর্ষের ঘটনাও সামনে এসেছিল। তারপর থেকেই বিভিন্ন কারণে একাংশ পড়ুয়া, বিশেষত বিদেশিদের হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ।