
গোল্ডি ব্রার ও সিধু মুসেওয়ালা। ফাইল ছবি।
শেষ আপডেট: 2 May 2024 11:38
দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবি রকস্টার সিধু মুসেওয়ালা খুনে অন্যতম অভিযুক্ত গোল্ডি ব্রারের মৃত্যু হয়নি। ক্যালিফোর্নিয়ার পুলিশ এ বিষয়ে নিশ্চিত করেছে। গ্যাংস্টার গোল্ডি ব্রারকে কেউ বা কারা আমেরিকায় খুন করেছে বলে গতকাল রাত থেকে গুজব রটে যায়। সোশ্যাল মিডিয়ায় গোল্ডি ও মুসেওয়ালার ছবি দিয়ে আগুনের মতো ছড়িয়ে পড়ে সেই খবর। আমেরিকায় খুন কানাডাস্থিত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের সদস্য গোল্ডি। কিন্তু, পরে মার্কিন পুলিশ জানায়, ওই ঘটনায় গোল্ডি ব্রারের মৃত্যু হয়নি। ভুল তথ্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।
পুলিশ জানিয়েছে, গতকাল ক্যালিফোর্নিয়ার ফ্রেসনোতে ফেয়ারমন্ট এবং হোল্ট অ্যাভিনিউতে দুজনকে গুলি করা হয়। তাঁদের মধ্যে একজনের হাসপাতালে মৃত্যু হয়েছে। এরপরেই খবর ছড়িয়ে পড়ে যে, কানাডার গ্যাংস্টার গোল্ডি ব্রারকে খুন করা হয়েছে। কয়েকটি সংবাদ মাধ্যমেও খবরটি প্রকাশ হয়ে যায়।
এ বিষয়ে বৃহস্পতিবার ফ্রেসনো পুলিশ জানিয়েছে, ভুল খবর ছড়িয়েছে। গোল্ডি ব্রারের মৃত্যুর খবর সত্যি নয়। সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, তদন্তকারী অফিসার বলেছেন, অনলাইনে যে খবর ছড়িয়েছে তা সম্পূর্ণভাবে অসত্য। সংবাদটি ভুলে ভরা বলে ব্যাখ্যা করে তিনি বলেন, বিভিন্ন মুলুক থেকেই গোল্ডি ব্রারের মৃত্যু হয়েছে কিনা জানতে চাওয়া হচ্ছে।
বিভিন্ন জায়গা থেকে খবর নিয়েই মার্কিন পুলিশ নিশ্চিত হতে পারে যে, গুলিতে যে ব্যক্তি মারা গিয়েছেন তাঁর নাম জেভিয়ার গাল্ডনে। বয়স ৩৭। পুলিশ জানিয়েছে, আমরা জানি না, কারা গুজব রটিয়েছে। কিন্তু, সেটাই মানুষ বিশ্বাস করেছে এবং দাবানলের মতো ছড়িয়ে পড়ে। কিন্তু, এটা নিশ্চিত মৃত ব্যক্তি গোল্ডি নয়।
সতিন্দর সিং ওরফে গোল্ডি ব্রার একটি দাগি অপরাধী। ইউএপিএতে জঙ্গি হিসেবে তার নাম তালিকায় রয়েছে। ইন্টারপোল তার নামে রেড কর্নার নোটিস জারি করে রেখেছে। জামিন অযোগ্য অসংখ্য ধারায় মামলা রয়েছে গোল্ডির বিরুদ্ধে।
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের শাগরেদ গোল্ডির নাম প্রকাশ্যে আসে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা খুনের পর। ফেসবুক পোস্টে ব্রার এই খুনের দায় স্বীকার করে। উল্লেখ্য, ২০২২ সালের ২৯ মে পাঞ্জাবের মানসা জেলায় একটি গাড়ির ভিতরে খুন হন মুসেওয়ালা। তাঁর কাছে বিরাট অঙ্কের তোলা দাবি করেছিল বিষ্ণোই গ্যাং।