
কোলবি ও ক্রিস্টিন ট্রিকল। ফাইল ছবি।
শেষ আপডেট: 29 April 2024 17:36
দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীকে খুন। বিরাট কোনও আজব ঘটনা নয়। বিমার টাকার লোভে স্ত্রীকে খুন। সেটাও নয়। কিন্তু, এবার এমন একটা খুনের ঘটনা সামনে এল যা শুনলে পিলে চমকে উঠবে। স্ত্রীকে খুন করে তাঁরই বিমার টাকায় প্রমাণ সাইজের একটি যৌনক্রীড়ার খেলনা কেনেন এক যুবক। মার্কিন সেই 'মদনদেব'এর নাম কোলবি ট্রিকল। কানসাসের হেজ-এর বাসিন্দা।
২০১৯ সালে তিনি আপৎকালীন ফোন নম্বর ৯১১-তে ফোন করে জানান, তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন। স্থানীয় পুলিশ এসে তদন্তে নামলেও তদন্তকারী অফিসারের বিষয়টিতে সন্দেহ জাগে। যদিও আদালত কোলবির স্ত্রী আত্মহত্যা করেছেন বলে রায় দেয় এবং তিনি তখনকার মতো ছাড় পান। কিন্তু পুলিশের সন্দেহ যায় না। তারা কোলবির উপর আড়াল থেকে নজর রাখতে শুরু করে।
কয়েক মাস পর কোলবি তাঁর স্ত্রীর ২টি জীবনবিমা থেকে মোট ১ লক্ষ ২০ হাজার ডলার পান। অর্থ পাওয়ার দুদিন পরই তিনি ২০০০ ডলার দিয়ে একটি মানুষের সমান যৌনক্রীড়া সামগ্রী কেনেন। তাঁর এই খেলনা কেনা থেকেই পুলিশের সন্দেহ আরও দৃঢ় হতে শুরু করে।
তদন্তকারী গোয়েন্দা অফিসার সিবিএস নিউজকে জানান, স্ত্রীর মৃত্যুর পর কোলবি শোকজ্ঞাপন অনুষ্ঠানেও যাননি। যদি কেউ তাঁর প্রিয়জন বিশেষ করে স্ত্রীর আকস্মিক মৃত্যুর মুখোমুখি হন, তাহলে অবশ্যই তিনি শোক অনুষ্ঠানে উপস্থিত থাকেন। অন্তত সেটাই স্বাভাবিক। কিন্তু স্ত্রীর মৃত্যুর কয়েক মাস পরেই যৌন খেলনার অর্ডার দেওয়ায় আমাদের সন্দেহ ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগোতে থাকে।
কোলবিকে গ্রেফতারের পর গোয়েন্দারা জানতে পারেন মার্কিন আর্মি রিজার্ভের সদস্য হিসেবে তিনি মধ্য আমেরিকা এবং পশ্চিম এশিয়ায় গিয়েছিলেন। কিন্তু সেনার তরফে জানানো হয়, তাঁকে কখনও বাইরে পাঠানোই হয়নি। গোয়েন্দারা তথাকথিত আত্মহত্যার তদন্ত করতে গিয়ে দেখতে পান যে বন্দুক দিয়ে গুলি করা হয়েছে, তা আত্মহত্যার জন্য ব্যবহৃত হতে পারে না। এমনকী তাঁর স্ত্রী ক্রিস্টিন যে পোশাকে ছিলেন, তাও ঘটনার সঙ্গে মিলছিল না।
ক্রিস্টিনের এক আত্মীয়া বলেন, আমি তো ভাবতেই পারছি না যে, ও ক্রিস্টিনেরই টাকায় এরকম খেলনা কিনতে পারে। বিচার প্রক্রিয়ার সময় সামনে আসে স্ত্রীর বিমার টাকা ৮ মাসের মধ্যে খরচ করেছিলেন কোলবি। তাঁর ব্যক্তিগত ঋণ মিটিয়েছিলেন, কয়েক হাজার ডলার খরচ করেছিলেন ভিডিও গেমের জন্য এবং প্রচুর বাজনার সামগ্রী খরিদ করেছিলেন। তিনি অনেকদিন ধরেই চাইতেন স্টেজ পারফর্মার হবেন বলে। শেষমেশ কোলবিকে খুনের অপরাধে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। আগামী ৫০ বছরের মধ্যে তাঁর প্যারোলেও মুক্তির সম্ভাবনা নেই।