
শেষ আপডেট: 18 October 2023 11:01
দ্য ওয়াল ব্যুরো: গাজার হাসপাতালে ইজরায়েলি বিমান হানার তীব্র নিন্দা করলেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুয়াতেরেস। তিনি বলেছেন, অসহায় নিরাশ্রয় মানুষগুলোর উপর এমন আক্রমণ কাম্য নয়। ইজরায়েলের এই হামলাকে ধিক্কার জানিয়ে, মহাসচিব বলেছেন চরম অপরাধ করেছে ইজরায়েল। এমন নৃশংস গণহত্যাকে সমর্থন করা যায় না। মানবিক কারণেই যুদ্ধ বন্ধ করুক দুই দেশ।
রাষ্ট্রসঙ্গের মহাসচিব আন্তোনিও গুয়াতেরেস বলেছেন, গাজায় হাসপাতালে হামলা চালিয়ে শত শত সাধারণ নাগরিককে হত্যার ঘটনায় তিনি ‘হতভম্ব’। এ হামলার কঠোর নিন্দা জানিয়ে হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
গতকাল মঙ্গলবার নিজের এক্স-হ্যান্ডেলে একটি পোস্টে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব বলেছিলেন, আন্তর্জাতিক আইনে সব হাসপাতাল ও চিকিৎসাকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার কথা বলা আছে। সুতরাং হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এমন হামলা চালানো কোনওভাবেই উচিত নয়। আহত গাজাবাসীর চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছিলেন তিনি। তারপরেই রাতে গাজার ওই হাসপাতালে ভয়ানক হামলা চালায় ইজরায়েল।
ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ চরম আকার নিয়েছে। গাজায় একের পর এক আঘাত হানছে ইজরায়েলি সেনা। মঙ্গলবার রাতে মধ্য গাজার আল–আহলি আরব নামের হাসপাতালে ওই হামলা চালানো হয়। ইজরায়েলি হামলায় আহত শত শত রোগী ও গৃহহীন অসংখ্য বাসিন্দা ‘নিরাপদ’ ভেবে ওই হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন। ইজরায়েলি বিমান হানায় তাদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৫০০। ধ্বংসস্তূপে আটকে আছেন অনেকে। আহতের সংখ্যা বহু।
গাজার হাসপাতালে ইজরায়েলের এই হামলার নিন্দা করছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অনেক দেশই। গাজায় হাসপাতালে এমন নৃশংস হত্যালীলাকে ‘জঘন্য অপরাধ’ বলে চিহ্নিত করেছেন জর্ডনের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। একে ‘গণহত্যা’ অভিহিত করে তিনি বলেন, এই পরিস্থিতিতে কেউ চুপ থাকতে পারে না। এভাবে সাধারণ মানুষকে হত্যা ‘মানবতার জন্য লজ্জাজনক’।
তবে হাসপাতালে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইজরায়েল। তাদের প্রতিরক্ষা মন্ত্রক থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ইসলামিক জেহাদ এই আক্রমণের পিছনে রয়েছে। হামাসই আক্রমণ চালিয়েছে হাসপাতালে। এতে ইজরায়েলের কোনও ভূমিকা নেই।