
শেষ আপডেট: 26 March 2024 08:35
দ্য ওয়াল ব্যুরো: পবিত্র রমজান মাসে কোনও যুদ্ধ, হানাহানি, মারামারি নয়। এই প্রথমবার গাজায় যুদ্ধবিরতির জন্য প্রস্তাব পাশ হল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে। রমজান মাসে গাজায় হামলা চালাতে পারবে না ইজরায়েল। ফলে আর ক’টা দিন ইজরায়েল বাহিনীর অতর্কিত হামলা থেকে রেহাই পাবে গাজা।
রমজান মাসে গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়েছিল রাষ্ট্রসঙ্ঘ। তারপর ভোটাভুটিতে এই প্রস্তাব পাশ হয়। গত পাঁচ মাস ধরে যুদ্ধ চলার পর এই প্রথম গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হল। এতদিন ধরে শুধু দাবিদাওয়া, ভোটাভুটিই চলছিল। নিরাপত্তা পরিষদের মোট ১৫ সদস্যের মধ্যে ১৪টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। সূত্রের খবর, গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভোট দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। তবে বিপক্ষেও মত প্রকাশ করেনি। বাকি দেশগুলির সমর্থনে শেষ অবধি প্রস্তাব পাশ হয়।
যুদ্ধবিরতির প্রস্তাব পাশের সঙ্গে বন্দিদের নিঃশর্ত মুক্তি দেওয়ার প্রস্তাবও গৃহীত হয়েছে সর্বসম্মতিক্রমে। এই প্রস্তাব পাশের পর রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব বলেছেন, “দীর্ঘ অপেক্ষার পর অবশেষে গাজায় জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি প্রস্তাব পাশ হল। সব বন্দির নিঃশর্ত মুক্তি দেওয়ার প্রস্তাবও গৃহীত হয়েছে। প্রস্তাবটি যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে কোনরকম দেরি হলে সেটা ক্ষমার অযোগ্য হবে।”
এদিকে রাষ্ট্রসঙ্ঘে যুদ্ধবিরতি প্রস্তাব পাশ হতেই মার্কিন যুক্তরাষ্ট্রকে নিশানা করেছে ইজরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। ইজরায়েলের কূটনীতিককে মার্কিন সফরে যেতে নিষেধ করেছেন তিনি।
গত বছরের ৭ অক্টোবরের হামলার ৯ দিন পর, অর্থাৎ ১৬ অক্টোবর প্রথম নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবটি তুলেছিল রাশিয়া, কিন্তু তাতে ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। পরে চিন, সংযুক্ত আরব আমিরশাহি এবং অন্যান্য দেশের উদ্যোগে আরও বেশ কয়েকবার যুদ্ধবিরতির প্রস্তাব তোলা হয় পরিষদের বৈঠকে। কিন্তু প্রতিবারই ভেটো দেয় যুক্তরাষ্ট্র।
লাগাতার পাঁচ মাস ধরে গাজায় হামলা চালাচ্ছে ইজরায়েলের বাহিনী। প্রাণ গেছে ৩২ হাজারের বেশি মানুষের। আহত হয়েছেন ৭৪ হাজারের বেশি।