
ভ্লাদিমির পুতিন এবং ভলোদিমির জেলেনস্কি
শেষ আপডেট: 27 March 2025 12:37
দ্য ওয়াল ব্যুরো: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) আদতে কবে থামবে তা কেউই জানেন না। আমেরিকার হস্তক্ষেপে মাঝে কিছুদিন যুদ্ধবিরতি চললেও আবার নতুন করে হামলার অভিযোগ করা হয়েছে পুতিনের (Vladimir Putin) বিরুদ্ধে। এই পরিস্থিতির মধ্যে রাশিয়ান প্রেসিডেন্টের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন জেলেনস্কি (Volodymyr Zelensky)। শুধু মুখ খোলা নয়, একেবারে বিস্ফোরক দাবি করলেন তিনি। স্পষ্ট বললেন, 'খুব তাড়াতাড়ি মরবে পুতিন'।
ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর অনেক আগে থেকে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাস্থ্য নিয়ে প্রচুর কথা হয়েছে। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে যে তিনি খুবই অসুস্থ। যুদ্ধ শুরুর পর এখন প্রায় তিন বছর কেটে গেছে। এই সময়ের মধ্যে পুতিনের বহু ছবি-ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাঁকে কিছুটা 'অপ্রস্তুত' লেগেছে। ধারণা করা হয়েছে তিনি সত্যিই গুরুতর অসুস্থ। এবার এই আলোচনায় সরাসরি যুক্ত হলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ফ্রান্স সফরে গিয়ে এক সংবাদমাধ্যমে মুখ খুলেছেন জেলেনস্কি। সেখানে তিনি দাবি করেছেন, 'পুতিন গুরুতর অসুস্থ এবং খুব শীঘ্রই তিনি মারা যাবেন। কেউ অবিশ্বাস করতেই পারেন, তবে বিষয়টি সত্যি।' যদিও কীসের ভিত্তিতে এই দাবি তিনি করছেন বা, কোন সূত্রে তিনি এতটা নিশ্চিত হচ্ছেন, সে ব্যাপারে কোনও ইঙ্গিত দেননি ইউক্রেন প্রেসিডেন্ট।
২০২৩ সালের পর থেকে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে পুতিনকে দেখে প্রশ্ন তুলেছে বিশ্ব। কোনও ভিডিওতে দেখা গেছে তিনি পা ফেলতে পারছেন না ঠিক মতো, আবার কোনওটায় দেখা গেছে তিনি বসলে উঠতে পারছেন না। কেউ কেউ দাবি করেছেন তিনি ক্যানসার বা ব্রেন টিউমারে আক্রান্ত। আবার কারও মতে, পার্কিনসন্সে আক্রান্ত হয়েছেন তিনি। যদিও ক্রেমলিনের তরফে বারে বারে এইসব দাবি নস্যাৎ করে দেওয়া হয়েছে।
সম্প্রতি পুতিনের বিরুদ্ধে বড় অভিযোগ করে জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেনের পরমাণু কেন্দ্রগুলিতে একমাসের মধ্যে হামলা না চালানোর আলোচনার কিছুক্ষণের মধ্যেই রাশিয়া সেদেশের বসত এলাকায় হামলা চালায়। একদিকে যখন শান্তিচুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় ব্যস্ত, ঠিক তারপরেই ইউক্রেনের সুমিতে একটি হাসপাতালে হামলা চালায় রাশিয়া, জানিয়েছিলেন জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়া মুখে মুখে রাজি হলেও কার্যত মার্কিন মধ্যস্থতার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।