
ফাইল ছবি
শেষ আপডেট: 20 February 2025 08:44
দ্য ওয়াল ব্যুরো: ওয়াশিংটন কাণ্ডের স্মৃতি এখনও তাজা। এরই মধ্যে আবার বিমান সংঘর্ষের ঘটনা আমেরিকায়। এবার ঘটনাস্থল অ্যারিজোনা। মাঝ আকাশে দুটি বিমানের সংঘর্ষের ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে কীভাবে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
স্থানীয় সূত্রে খবর, অ্যারিজোনার টাস্কন শহরের কিছুটা দূরে এই ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করছে তাঁরা। বিমানের ব্ল্যাকবক্স খুঁজে পাওয়া গেলে তদন্ত সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) ভূমিকাও।
সাধারণত, এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশ অনুযায়ী যে কোনও বিমান নিজেদের উচ্চতা বজায় রাখে। তবে এক্ষেত্রে তা হয়েছে কিনা, সেটা খতিয়ে দেখার বিষয়। কারণ বিমানগুলি যেহেতু ছোট ছিল, তাই এটিসি সেই অর্থে তাদের সর্বক্ষণ নজরদারির মধ্যে নাও রাখতে পারে বলে মনে করা হচ্ছে। দুই বিমানের পাইলটের কোনও বড় ভুল ছিল নাকি, পুরোটাই ঘটেছে যান্ত্রিক ত্রুটির কারণে, তার তদন্তই শুরু হয়েছে।
মাত্র কয়েক সপ্তাহ আগেই ওয়াশিংটন ডিসিতে বিমান ও এক হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছিল। তাতে প্রাণ হারিয়েছিলেন ৬৭ জন। বলা হয়েছিল, মার্কিন ইতিহাসে ২০০১ সাল থেকে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা ছিল সেটি। এছাড়াও জানুয়ারি মাসের শেষের দিকে আরও একটি বিমান দুর্ঘটনা ঘটেছে আমেরিকায়। তথ্য বলছে, বিগত এক মাসের মধ্যেই উত্তর আমেরিকায় ৪টি বড় বড় বিমান দুর্ঘটনা ঘটেছে। বারবার কেন বিমান দুর্ঘটনা ঘটছে, সেটাও একটা বড় প্রশ্ন।