মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালৎজ ঘটনাকে 'হৃদয়বিদারক' বলে সমবেদনা জানান।

ঘটনাস্থলের ছবি
শেষ আপডেট: 27 August 2025 23:56
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার এক ক্যাথলিক স্কুলে বন্দুকবাজের হামলা। মৃত্যু হল তিন জনের। জখম হয়েছেন ২০ জনেরও বেশি। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রশাসনের এক আধিকারিক। স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, বুধবার (সেখানকার সময়) সকালে প্রার্থনার সময় হঠাৎ গুলি চালাতে শুরু করে এক দুষ্কৃতী। শিশু ও শিক্ষকরা মধ্যে প্রাণ বাঁচাতে ছুটতে শুরু করেন।
পুলিশ, এফবিআই এবং অন্যান্য কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। একাধিক অ্যাম্বুল্যান্স স্কুলে ঢোকে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত পড়ুয়াদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। জানা গেছে, যে বন্দুকবাজ এই হামলা চালিয়েছে, সে নিজে আত্মঘাতী হয়েছে সঙ্গে সঙ্গে। ফলে কী উদ্দেশে এই হামলা, কারা এর পিছনে জড়িত তা কোনওভাবেই আঁচ করা সম্ভব হচ্ছে না।
মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালৎজ ঘটনাকে 'হৃদয়বিদারক' বলে সমবেদনা জানান। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, 'আমাদের সন্তান আর শিক্ষকরা যে নতুন শিক্ষাবর্ষের শুরুতেই এই ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে পড়ল, তা ভীষণ বেদনাদায়ক। আমি তাঁদের জন্য প্রার্থনা করছি।'
এখনও জানানো হয়নি মৃত ও আহতদের নাম-পরিচয়। স্কুলের ওয়েবসাইট বলছে, বুধবার সকাল ৮টা ১৫ মিনিটে স্কুলের প্রার্থনা সভা হওয়ার কথা ছিল। সোমবারই নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। তাতেই এই ঘটনা।
এই স্কুলটির ইতিহাস প্রায় এক শতাব্দী পুরনো। এটি প্রি-কিন্ডারগার্টেন থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য একটি বেসরকারি প্রতিষ্ঠান, যেখানে মোটামুটি ৩৯৫ জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। স্কুলটি একটি চার্চের সঙ্গে যুক্ত এবং আবাসিক এলাকায়। এমন জায়গায় এই হামলা হওয়ায় আরও উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মধ্যে। প্রশ্ন উঠছে তাঁদের সুরক্ষা নিয়েও।
ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি ট্রুথ সোশালে লিখেছেন, 'এই মর্মান্তিক গুলির ঘটনা নিয়ে আমাকে ব্রিফ করা হয়েছে। হোয়াইট হাউস পরিস্থিতির উপর নজর রাখছে।'
এর মাত্র এক দিন আগে মিনিয়াপোলিস শহরেরই অন্য একটি স্কুলের বাইরে গুলিতে এক জন নিহত ও ছয় জন আহত হন। আরও দু’টি আলাদা ঘটনায় কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয়েছে দু’জনের। পরপর এই ধরনের হামলায় শহরজুড়ে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।