
প্রতীকী ছবি
শেষ আপডেট: 9 February 2025 08:25
দ্য ওয়াল ব্যুরো: ক্যারিবিয়ান সাগরে ভয়াবহ ভূমিকম্প! সাগর সংলগ্ন এলাকা এবং উত্তর হন্ডুরাসে অনুভূত হয় তীব্র কম্পন। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৬। ভূমিকম্পের পর ক্যারিবিয়ান সাগরের পাশাপাশি হন্ডুরাসের উত্তরাঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
ক্যারিবিয়ান সাগর সংলগ্ন অঞ্চলে তীব্র ভূমিকম্পের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। গতকাল স্থানীয় সময় সন্ধে ৬:৩০ নাগাদ এই ভূমিকম্পটি অনুভূত হয়, যার তীব্রতা রিখটার স্কেলে ৭.৬ ছিল। ভূমিকম্পের উৎসস্থল ছিল কেম্যান দ্বীপপুঞ্জের জর্জ টাউন থেকে ১২৯ মাইল দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে। সাগরের মাঝামাঝি জায়গা থেকে মাটির নীচে কম্পন ছড়ানোর ফলে তীব্র ভূমিকম্পটি ঘটে।
এই ভূমিকম্পের পরেই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ১০ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে। সুনামি সতর্কতা জারি হয়েছে জামাইকা, মেক্সিকো, হন্ডুরাস, গুয়াতেমালা, পানামা, নিকারাগুয়া, কিউবা, কেম্যান আইল্যান্ড, কস্টা রিকা, বাহামাস, বেলিজ এবং হাইতির উপকূলে। বিশেষভাবে কেম্যান দ্বীপপুঞ্জ, গুয়াতেমালা এবং পানামা অঞ্চলে বিপদ বাড়তে পারে।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, পুয়ের্তো রিকো ও ভার্জিন আইল্যান্ডে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল, তবে পরে তা বাতিল করা হয়েছে। যদিও এখন পর্যন্ত কোনও বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা সতর্কতা অবলম্বন করছে। জাতীয় মহাসাগরিক ও আবহাওয়া প্রশাসন (NOAA) এবং US Geological Survey ভূমিকম্পের পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।