
ফাইল ছবি
শেষ আপডেট: 20 January 2025 18:53
দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণের কাউন্টডাউন শুরু হয়ে গেল। আর মাত্র ২ ঘণ্টা পরেই দেশের ৪৭-তম প্রেসিডেন্ট পদে শপথ নিতে চলেছেন ট্রাম্প। প্রাক্তন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানে শপথের মতো ৪০ বছর পর ক্যাপিটলের খোলা জায়গায় মূল অনুষ্ঠান হচ্ছে না। কারণ এখন ওয়াশিংটন ডিসি-র পারদ তাপাঙ্কের ৬ ডিগ্রি নীচে।
প্রশাসনিকভাবে জনতাকে বাড়ির বাইরে বেরতে নিষেধ করা হয়েছে প্রবল তুষারপাতের পূর্বাভাস দিয়ে। যার ফলে পুরু বরফ জমে পারে শহরে। কিন্তু, মার্কিন সংবাদমাধ্যমগুলির খবরে জানা যাচ্ছে প্রবল শৈত্য ও তুষারপাত অগ্রাহ্য করে সারারাত ধরে মানুষ অপেক্ষা করছেন রাস্তায়। ভারতীয় সময় সোমবার রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যেই শুরু হয়ে যাবে অনুষ্ঠান।
এদিন শপথ নিয়ে প্রথম ভাষণে ডোনাল্ড ট্রাম্প সমস্ত মার্কিন নাগরিকের কাছে উৎসাহ-নিষ্ঠার সঙ্গে দেশ গঠনের ডাক দেবেন। দেশের মূল্যবোধকে ফিরিয়ে আনার আহ্বান জানাবেন। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ ডিজিটালের কাছে ট্রাম্পের লিখিত ভাষণের অংশবিশেষ চলে এসেছে। তাতে জানা গিয়েছেন, এদিন ট্রাম্প বলবেন, আমি প্রেসিডেন্ট পদে ফিরে এলাম গভীর আত্মবিশ্বাসের সঙ্গে। আমি আশাবাদী যে, আমরা দেশের সাফল্যকে নয়া চূড়ায় তুলে নিয়ে যাব। এই উৎসাহের সঙ্গে আজ থেকে কাজ শুরু করতে চলেছি আমরা।
তাঁর ভাষণে রয়েছে, দেশকে বদলের পথে একটি ঢেউ উঠেছে। এই পরিবর্তন অতি দ্রুত আসবে। প্রসঙ্গত, এদিনই ট্রাম্প অন্তত ২০০-র বেশি প্রশাসনিক দলিল-দস্তাবেজে স্বাক্ষর করতে চলেছেন। যার মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি মতো সীমান্ত সুরক্ষা, বিদ্যুৎ, বাজারদর কমানোর মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন। ট্রাম্পের কথাতেই শোনা যাবে, আজ আমি একগুচ্ছ ঐতিহাসিক প্রশাসনিক নির্দেশে সই করতে চলেছি। এইসব পদক্ষেপে আমরা আমেরিকার সম্পূর্ণ সংস্কার করব এবং সাধারণ ধ্যানধারণায় বিপ্লব এনে দেব।