ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রশাসন আমেরিকাকে ৩ থেকে ৫ কোটি ব্যারেল ক্রুড অয়েল দেবে। বাজারদরেই এই তেল বিক্রি হবে।

ফাইল ছবি
শেষ আপডেট: 7 January 2026 09:53
দ্য ওয়াল ব্যুরো: ভেনেজুয়েলার বৃহত্তম তেল ভাণ্ডারের (Venezuelan Oil) প্রতি আমেরিকার আগ্রহ নতুন নয়। তবে মাদুরোকে গ্রেফতারের পর থেকেই এই আগ্রহ আরও স্পষ্ট হচ্ছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জানিয়ে দিলেন, তাঁর প্রশাসন খুব শীঘ্রই ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করবে। এবং সেই তেল বিক্রি করে যে অর্থ আসবে, তার নিয়ন্ত্রণ থাকবে ট্রাম্পের হাতেই।
ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করে ট্রাম্প (Donald Trump) দাবি করেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রশাসন আমেরিকাকে ৩ থেকে ৫ কোটি ব্যারেল ক্রুড অয়েল দেবে। বাজারদরেই এই তেল বিক্রি হবে। কেন তিনি নিজে এর আর্থিক নিয়ন্ত্রণ রাখতে চান, তার ব্যাখ্যায় ট্রাম্প বলেন, টাকা ব্যবহৃত হবে দুই দেশেরই কল্যাণে।
আমেরিকার ‘হস্তক্ষেপ’-এর অভিযোগ আরও জোরাল
ওয়াশিংটন বারবার বলছে, তারা ভেনেজুয়েলা (Venezuela) দখল করতে চায় না। কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য অনেকের চোখে সেই দাবিকে আরও প্রশ্নের মুখে ফেলেছে। কারণ তেলের আমদানি থেকে শুরু করে যাবতীয় প্রক্রিয়ার সম্পূর্ণ পরিকল্পনা নিজে হাতে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প জানান, প্রশাসনকে তিনি ইতিমধ্যেই কাজ শুরু করতে বলেছেন। তাঁর পরিকল্পনা অনুযায়ী, বিশেষ স্টোরেজ জাহাজে করে অপরিশোধিত তেল সরাসরি আমেরিকার বিভিন্ন বন্দরে পৌঁছে যাবে।
বিশ্বের বৃহত্তম তৈলভাণ্ডারকে কেন্দ্র করে টানাপড়েন
ভেনেজুয়েলায় রয়েছে বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেলের মজুত, প্রায় ৩০ হাজার কোটি ব্যারেল। দীর্ঘদিন ধরেই আমেরিকার চোখ এই ভাণ্ডারের দিকে, বিশেষজ্ঞদের এমনই মত। তাঁদের দাবি, মাদুরোকে সরিয়ে দেওয়ার পিছনে অন্যতম উদ্দেশ্য হতে পারে এই বিশাল তেলভান্ডারে প্রাধান্য পাওয়া।
মাদুরোকে কারাকাসের প্রাসাদ থেকে সস্ত্রীক তুলে নিয়ে যাওয়ার পর আমেরিকায় তাঁর বিচার শুরু হয়েছে নিউ ইয়র্কের আদালতে। তাঁর অনুপস্থিতিতে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তবে ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, এই সরকারের উপর আমেরিকার কড়া নজর ও প্রভাব থাকবে।
এখনই ভেনেজুয়েলায় নির্বাচন নয়
ট্রাম্প ঘোষণা করেছেন, ভেনেজুয়েলায় এখন কোনও নির্বাচন হবে না। পাশাপাশি ডেলসি রদ্রিগেজকে তিনি সতর্কও করে দিয়েছেন। তাঁর মন্তব্যে স্পষ্ট, অন্তর্বর্তী সরকারের প্রতিটি পদক্ষেপেই থাকবে মার্কিন প্রশাসনের প্রভাব।
ট্রাম্পের ঘোষণার পর বিতর্ক আরও গভীর
ট্রাম্পের দাবি ও পরিকল্পনায় নতুন করে জোরাল হয়েছে সেই অভিযোগ, ভেনেজুয়েলার বিপুল তেলভান্ডারই নাকি মার্কিন প্রশাসনের আসল লক্ষ্য। যদিও আমেরিকা তা প্রথম থেকেই অস্বীকার করে আসছে।