
ফাইল ছবি।
শেষ আপডেট: 14 December 2024 09:08
দ্য ওয়াল ব্যুরো: এক সপ্তাহের মধ্যে কানাডায় খুন হয়েছেন তিন ভারতীয় ছাত্র। এ ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করল ভারতের বিদেশ মন্ত্রক। অবিলম্বে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত রিপোর্টের দাবি জানিয়েছে দিল্লি।
গত বছর থেকেই ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কে ব্যাপক টানাপোড়েন চলছে। তার প্রভাব পড়েছে প্রবাসী ভারতীয়দের উপরেও। এরই মধ্যে পর পর তিন ভারতীয় শিক্ষার্থীর খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে কানাডায় ভারতীয়দের নিরাপত্তা নিয়েও।
শুক্রবার রাতে এক বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, কানাডায় বসবাসকারী ভারতীয় নাগরিকদের নিরাপত্তা, সুরক্ষার বিষয়টি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেভাবে এক সপ্তাহে তিন ছাত্রকে হত্যার ঘটনা ঘটল, তা উদ্বেগ জনক। অবিলম্বে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চাওয়া হয়েছে।
শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে জয়সওয়াল আরও বলেন, টরন্টো এবং ভ্যাঙ্কুভারে আমাদের হাইকমিশন এবং কনস্যুলেটগুলি এই বিষয়ে সম্ভাব্য সব ধরনের সাহায্য করছে।
সরকারী পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ৪ লক্ষ ভারতীয় শিক্ষার্থী কানাডায় পড়াশোনা করছেন। রয়েছে কিছু পরিবারও। এদিকে একের পর এক ছাত্র খুনের ঘটনায় সংশ্লিষ্ট পড়ুয়া এবং তাঁদের পরিবারের মধ্যে ছড়িয়েছে তীব্র আতঙ্ক।
কানাডায় বসবাসকারী ভারতীয়েদর চরম সতর্কতা অবলম্বন করার পরামর্শও দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র।