জগদীপ সিং
শেষ আপডেট: 5 January 2025 16:52
দ্য ওয়াল ব্যুরো: দৈনিক আয় প্রায় ৪৮ কোটি টাকা। বিশ্বে সবচেয়ে বেশি বেতন পাওয়া একজন ভারতীয় সিইও আয়ের দিক থেকে গুগল ও মাইক্রসফটের সিইও যথাক্রমে সত্য নাদেলা এবং সুন্দর পিচাইকেও বেশ খানিকটা পিছিয়ে দিয়েছেন। ভাবছেন তো তিনি আবার কে? তিনি আর কেউ নন ‘কোয়ান্টামস্কেপ’ সংস্থার প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন সিইও জগদীপ সিং। এই মুহূর্তে বিশ্বের সবথেকে বেতন প্রাপ্ত সিইও তিনিই।
জানা গেছে, জগদীপের বার্ষিক আয় সাড়ে ১৭ হাজার কোটি টাকা। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিল্পপতি এবং প্রযুক্তিবিদ। কোয়ান্টামস্কেপ হল একটি ব্যাটারি প্রযুক্তি সংস্থা। এটি বৈদ্যুতিক গাড়ির জন্য সলিড-স্টেট ব্যাটারি তৈরি করে।
কে জগদীপ সিং?
আদতে দিল্লির বাসিন্দা জগদীপ মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক হন। এরপর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাশ করেন। এছাড়াও তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। হিউলেট প্যাকার্ড (এইচপি) এবং সান মাইক্রোসিস্টেম-সহ বিভিন্ন সংস্থায় কাজের মাধ্যমেই কর্মজীবন শুরু করেন তিনি।
১৯৯২ সালে তিনি 'এয়ারসফ্ট' নামে একটি সংস্থা তৈরি করেন। এরপর ২০১০ সালে প্রতিষ্ঠা করে ফেলেন 'কোয়ান্টামস্কেপ' নামক একটি সংস্থা। এই সংস্থার বৈদ্যুতিক গাড়ির জন্য উন্নতমানের ব্যাটারি তৈরি করে। যা প্রচলিত লিথিয়াম-আয়ন ব্যাটারির তুলনায় দ্রুত চার্জ করে। পরে ২০১৮ সালে কোয়ান্টামস্কেপ ভোক্সওয়াগেনের সঙ্গে কাজ শুরু করতেই আর সংস্থাটিকে পিছনে ফিরে তাকাতে হয়নি।
জানা গেছে জার্মান গাড়ি প্রস্তুতকারী সংস্থা জগদীপের সংস্থায় ১০০ মিলিয়ন বিনিয়োগ করে। বিল গেটসও এই সংস্থায় বিনিয়োগ করেছেন বলে খবর। ২০২৪ সালে কোয়ান্টামস্কেপ-এর সিইও পদে ইস্তফা দেন জগদীপ। দায়িত্ব তুলে দেন উত্তরসূরি শিব শিবমকে।
জগদীপ সিংয়ের এই বিপুল আয় অবশ্যই প্রশংসার দাবিদার, কিন্তু তা নিয়ে বিতর্কও যে হয়নি এমনটা কিন্তু নয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, এমন বিশাল বেতন কাঠামো কতটা ন্যায্য? কেউ কেউ বলেছেন, এটি কর্মীদের মধ্যে আয় বৈষম্য সৃষ্টি করতে পারে। তবে কর্পোরেট বিশেষজ্ঞদের মতে, জগদীপ সিংয়ের মতো নেতারা যেভাবে কোম্পানির সাফল্যের জন্য কাজ করেন তাঁদের ক্ষেত্রে এমন বেতন একেবারেই যৌক্তিক।