
তাহাউর রানা
শেষ আপডেট: 8 April 2025 09:19
দ্য ওয়াল ব্যুরো: ২৬/১১ মুম্বই হামলায় (Mumbai Attack) অন্যতম চক্রী তাহাউর রানার (Tahawwur Rana extradition) ভারতে প্রত্যর্পণের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন নাকচ করে দিল আমেরিকার শীর্ষ আদালত (Supreme Court of America)। মার্কিন সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি জন রবার্টসের বেঞ্চে গত ৪ এপ্রিল রানার আবেদন পুনর্বিবেচনার জন্য পাঠানো হয়েছিল। সোমবার সেই আর্জি নাকচ হয়ে গিয়েছে।
এর আগেও পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক তাহাউর রানা মার্কিন সুপ্রিম কোর্টে 'প্রত্যর্পণ স্থগিতের জরুরি আবেদন' দাখিল করেছিলেন। তিনি যুক্তি দিয়েছিলেন, তাঁর প্রত্যর্পণের অর্থ হল আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নির্যাতন-বিরোধী কনভেনশন লঙ্ঘন করা। কারণ ভারতে তাকে নির্যাতনের মুখোমুখি হতে হতে পারে। তাঁর আবেদনে আরও বলা হয়, 'পাকিস্তানি মুসলিম হিসেবে মুম্বই হামলায় অভিযুক্ত হওয়ায় ভারতে নির্যাতনের ঝুঁকি আরও বেশি।'
এছাড়া, তিনি তাঁর শারীরিক অসুস্থতার বিষয়টিও উল্লেখ করেন। তাঁর আইনজীবীরা আদালতে জানান, তিনি একাধিক হার্ট অ্যাটাক, পার্কিনসনস ডিজিজ, ব্লাডার ক্যানসারের আশঙ্কা, স্টেজ ৩ ক্রনিক কিডনি ডিজিজ, অ্যাজমা এবং কোভিডে আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে ভারতীয় জেলে বন্দি হওয়া তার জন্য 'প্রকৃত অর্থে মৃত্যুদণ্ড' হবে বলে তিনি দাবি করেছিলেন।
তবে মার্কিন সুপ্রিম কোর্ট রানার এই আবেদন তখনও গ্রহণ করেনি এবং ভারতীয় প্রত্যর্পণের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। রানা পাল্টা যুক্তি দিয়েছিলেন, 'যদি এই প্রত্যর্পণ স্থগিত করা না হয়, তাহলে মার্কিন আদালতের এক্তিয়ার থাকবে না এবং আমি শিগগিরই মারা যাব।'
ওয়াশিংটনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, 'খুব শিগগিরই রানাকে ভারতে প্রত্যর্পণ করা হবে এবং তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে।' এর পরেই শুরু হয় প্রত্যর্পণের প্রক্রিয়া।
বস্তুত, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ের আটটি গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চালায় পাকিস্তানের লস্কর-ই-তৈবা জঙ্গিরা। এই হামলায় ১৬৬ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন। রানার বিরুদ্ধে অভিযোগ, তিনি এই হামলার অন্যতম মূল পরিকল্পনাকারী ডেভিড কোলম্যান হেডলির সহযোগী ছিলেন।