নেপালি সেনাপ্রধান অশোক রাজ সিগদেল ও অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে।

সুশীলা কার্কি ও দুর্গা প্রসাই।
শেষ আপডেট: 11 September 2025 13:25
দ্য ওয়াল ব্যুরো: নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি বৃহস্পতিবার ভদ্রকালীর সেনা সদরে এসে পৌঁছে গিয়েছেন। সেনাবাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে সদর কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানেই নেপালি সেনাপ্রধান অশোক রাজ সিগদেল ও অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিতর্কিত রাজতন্ত্রপন্থী দুর্গা প্রসাইকেও সেনা প্রহরায় নিয়ে আসা হয়েছে সদর কার্যালয়ে। এই মুহূর্তে ভদ্রকালীতে অবস্থিত সেনা সদর দফতরের সামনে জেন জি গোষ্ঠী, সাংবাদিক ও চিত্রসাংবাদিকদের বিপুল জমায়েত রয়েছে। সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন বৈঠকের ফলশ্রুতি নিয়ে।
গত বুধবার জেন জি (Gen Z) প্রতিনিধিদের পাঁচ ঘণ্টা ধরে ম্যারাথন আলোচনা শেষে ঠিক হয় নেপাল সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি কার্কিকে অন্তর্বর্তী সরকারের মাথায় রাখা হবে। কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ ও ধরনের মেয়র হরকা সামপাংও তাঁকে সমর্থন দিয়েছেন। যদিও সেনা সদরের বাইরে অপেক্ষমাণ জেন জি গোষ্ঠী এখনও বলেন্দ্র শাহের সমর্থনে স্লোগান দিয়ে চলেছেন।
তা নিয়ে কিছুক্ষণের জন্য ধস্তাধস্তি ও বাগবিতণ্ডা শুরু হলে সেনা কর্মীরা লাউড স্পিকারে জমায়েতকারীদের নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দেন। এর আগেই বুধবার সেনাপ্রধান অশোক রাজের সঙ্গে দেখা করার পর দুর্গা প্রসাই জানিয়ে দেন, তিনি ক্ষমতার জন্য লালায়িত নন। একটি বার্তায় তিনি বলে দেন, নেতৃত্ব হাতে নেওয়ার কোনও ইচ্ছা আমার নেই। দেশের মঙ্গলের জন্য যা হওয়া উচিত তাই হোক। যিনি দায়িত্ব নেবেন, তাঁর সঙ্গে সহযোগিতার আশ্বাস দেন দুর্গা প্রসাই।
এদিকে, এদিনই সকাল থেকে চালু হয়ে গিয়েছে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। একইসঙ্গে জাতীয় ব্যাঙ্ক কর্তৃপক্ষও সব ব্যাঙ্ককে কাজ শুরু করে দেওয়ার নির্দেশ দিয়েছে। অবশ্য ত্রিভুবন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, আর কয়েকদিন পরেই শুরু হবে উৎসব মরশুম। তাই ছুটির দিন বাড়িয়ে দেওয়া হয়েছে, দেশের চলতি অশান্তির কারণে। ছট উৎসবের পর খুলবে বিশ্ববিদ্যালয়।