.jpeg)
সুনীতা উইলিয়ামস
শেষ আপডেট: 31 March 2025 14:17
দ্য ওয়াল ব্যুরো: ২৮৬ দিন পর নিরাপদে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর। ১৯ মার্চ ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ (ভারতীয় সময়) তাঁদের নিয়ে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করে।
এবার মহাকাশ থেকে ফেরার পর প্রথম সামনে আসতে চলেছেন সুনীতা। ১ এপ্রিল ভারতীয় সময় রাত ১২টায় সাংবাদিকদের (Sunita Williams Press Conference) মুখোমুখি হবেন তিনি।
গত বছর জুন মাসে সুনীতারা মহাকাশের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন। ১৮ মার্চ সকাল ১০টা ৩৫ মিনিটে (ভারতীয় সময়) সুনীতাদের নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) ছাড়ে স্পেসএক্সের ড্রাগন যান।
১৯ মার্চ অ্যাটলান্টিক মহাসাগরের ফ্লোরিডা উপকূলে মহাকাশচারীরা নিরাপদে অবতরণ করেন। তাঁদের আনার জন্য পৌঁছে গিয়েছিল মার্কিন নৌসেনা বাহিনীর বোট। এর পরে মডিউল-সহ সুনীতাদের জাহাজের কাছে নিয়ে আসে নৌবাহিনী।
মহাকাশচারীদের হাইড্রোলিক পদ্ধতিতে তোলা হয় জাহাজে। সেখানে ড্রাগন ক্যাপসুলের দরজা খোলার পরে প্রথমে বেরিয়ে আসেন নিক হগ। তার প্রায় ৫ মিনিট পরে ভারতীয় সময় ভোর ৪টে ২২ নাগাদ হাসিমুখে বেরিয়ে আসেন সুনীতা উইলিয়ামস।
নাসা জানায়, ৯ মাসে ৯০০ ঘণ্টারও বেশি সময় ধরে ১৫০টি বিষয়ের গবেষণা করেছেন দুই নভোচর। এখন তাঁদের রাখা হয়েছে ক্রু কোয়ার্টারে। সেখানেই চলছে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা।