
ফাইল ছবি।
শেষ আপডেট: 18 March 2025 10:56
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ন'মাস পর অবশেষে ঘরে ফিরছেন সুনীতা উইলিয়ামসরা (Sunita Williams)। আন্তর্জাতিক স্পেস স্টেশন (Space Station) থেকে রওনা দিল ক্রু নাইন।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) প্রায় ৯ মাস ধরে আটকে রয়েছেন নাসার দুই মহাকাশচারী। বুচ উইলমোর এবং ভারতীয় বংশোদ্ভূত সুনীতা উইলিয়ামস এবার অবশেষে পৃথিবীতে ফিরে আসছেন।
নাসা আগেই ঘোষণা করেছিল, দুই মহাকাশচারীই ১৮ মার্চ, মঙ্গলবার সন্ধ্যায় পৃথিবীতে ফিরে আসবেন। বিবৃতি দিয়ে তারা জানিয়েছিল যে আবহাওয়ার কথা মাথায় রেখে, পূর্ব নির্ধারিত সময়সূচি কিছুটা বদল করা হয়েছে। পৃথিবীপৃষ্ঠে ফিরে আসার সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে।
গত বছরের জুন মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা এবং বুচ। আট দিন পরেই তাঁদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল। কিন্তু যে যানে চড়ে তাঁরা গিয়েছিলেন, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ঝুঁকি এবং নানা প্রতিকূলতাকে সঙ্গী করেই দিন কাটিয়েছেন তাঁরা।
সুনীতাদের ফেরাতে রবিবার সকালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছোয় স্পেসএক্সের ড্রাগন যান। নাসার বিবৃতি বলছে, স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটে আমেরিকার ফ্লোরিডার উপকূলে নামতে পারেন সুনীতা-সহ চার মহাকাশচারী। ভারতীয় সময়ে তখন বুধবার ভোর সাড়ে ৩টে।