
শেষ আপডেট: 5 January 2024 12:36
দ্য ওয়াল ব্যুরো: আরব সাগরে একটি জাহাজ হাইজ্যাক করা হয়েছে। অপহৃত জাহাজে রয়েছেন ক্রু সদস্য সহ ১৫ জন ভারতীয়। ‘এমভি লিলা নরফোক’ নামের জাহাজটিকে সোমালিয়ার সমুদ্রসীমার কাছে হাইজ্যাক করা হয়েছে। অপহরণের খবর পাওয়ার পরই উদ্ধারে নেমেছে নৌসেনা। ইতিমধ্যে নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাইকে অপহৃত জাহাজের দিকে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার ৪ জানুয়ারি সন্ধ্যায় সোমালিয়ার উপকূলের কাছ থেকে এই পণ্যবাহী জাহাজটিকে অপহরণ করা হয়েছে । ভারতীয় নৌসেনা জানিয়েছে, এই অপহরণকাণ্ডের উপর তারা কড়া নজর রাখছে। সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, অপহৃত জাহাজটিকে পর্যবেক্ষণের জন্য নজরদারি এয়ারক্র্যাফ্টও মোতায়েন করা হয়েছে।
জানা গিয়েছে, বাহারিনের খলিফা বিন সলমনের দিকে যাচ্ছিল ওই বাণিজ্যিক ভেসেলটি। তারই মধ্যে সোমালিয়ার ৪৫৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে হাইজ্যাকের ঘটনাটি ঘটেছে। সোমালিয়ার উপকূলে ছিনতাই করা ওই জাহাজে লাইবেরিয়ার পতাকা রয়েছে। আচমকা পাঁচ থেকে ছয় জন সশস্ত্র অপহরণকারী বাণিজ্যিক জাহাজে উঠে পড়ে হাইজ্যাক করে বলে প্রাথমিকভাবে খবর মিলেছে।
সূত্রের খবর, ইতিমধ্যে জাহাজের কর্মীদের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। তাঁরা সকলেই সুস্থ রয়েছেন। নৌসেনার তরফে জানানো হয়েছে, সামুদ্রিক সুরক্ষা সংক্রান্ত কাজকর্মে নিযুক্ত আইএনএস চেন্নাইকে ঘুরিয়ে দেওয়া হয়, যাতে ওই জাহাজকে সাহায্য করতে পারে। শুক্রবার ভোরের দিকে ওই জাহাজের উপর দিয়ে উড়ে যায় ভারতীয় নৌবাহিনীর একটি বিমান। তবে, কারা এই অপহরণ কাণ্ডের পিছনে রয়েছে, তা এখনও জানায়নি নৌসেনা।