
শেষ আপডেট: 11 October 2023 14:45
দ্য ওয়াল ব্যুরো: ২০১৬-তে ভারতের পাঠানকোটের সেনা ছাউনিতে হামলার ঘটনায় মূল অভিযুক্ত শাহিদ লতিফ নিহত। পাকিস্তানের শিয়ালকোটের একটি মসজিদের ভিতরে তাকে গুলি করে হত্যা করে অজ্ঞাত পরিচিত দুষ্কৃতীরা।
২০১৬-তে পাঠানকোটের সেনা ছাউনিতে বড় ধরনের হামলা চালায় জঙ্গিরা। জয়েশ-ই মহম্মদ গোষ্ঠীর জঙ্গিরা হামলার দায় স্বীকার করে। তদন্তে জানা যায় ওই হামলায় জঙ্গি গোষ্ঠীর মূল হ্যান্ডলার বা দায়িত্বপ্রাপ্ত ছিল শাহিদ লতিফ যাকে ২০১০ সালে ভারত সরকার পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক বোঝাপড়ার ভিত্তিতে মুক্তি দেয়। সেবার ২৪জনকে মুক্তি দিয়েছিন ভারত। পাকিস্তানের নাগরিক হলেও লতিফের আদি বাড়ি কাশ্মীরে।
১৯৯৯ সালে পাক মদতপুষ্ট আর এক জঙ্গি গোষ্ঠী জয়েস-ই-মহম্মদ ইন্ডিয়ান এয়ার লাইন্সের আইসি-৮১৪ বিমানটি অপহরণ করে আফগানিস্তানের কান্দাহারে নিয়ে যায়। বিমানের ১৫৪জন যাত্রীকে রক্ষা করতে ভারত সরকার জয়েশ-ই-মহম্মদের দাবি মতো সংগঠনের প্রধান মৌলানা মাসুদ আজাহার-সহ ২৩জনকে মুক্তি দেন। তালিকায় লতিফের নামও ছিল। কিন্তু জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বাজপেয়ী সরকারের মন্ত্রী ফারুক আবদুল্লাহর আপত্তিতে ভারত সরকার লতিফকে ছাড়েনি।
পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমে লতিফের হত্যাকাণ্ডের বিবরণ দিতে গিয়ে জানিয়েছে, অজ্ঞাত পরিচিত ব্যক্তি খুব কাছ থেকে গুলি করে এই জঙ্গি নেতাকে। আততায়ী এলাকার বাসিন্দা বলেই মনে করা হচ্ছে। কারণ, জনবহুল এলাকার ভিড়ে মিশে গিয়ে গা ঢাকা দেয় সে। ঘচনাটি ঘটে মঙ্গরবার রাতে।