
শেষ আপডেট: 21 May 2024 18:16
দ্য ওয়াল ব্যুরো: মাঝআকাশে বিমান চলাকালীন বিপত্তি। লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে আচমকাই ভয়ংকর ঝাঁকুনি শুরু হয়। তার জেরে বিমানেই মৃত্যু হয় এক যাত্রীর। আহত হয়েছেন অন্তত ৩০ জন। ব্যাঙ্কক বিমানবন্দরে দুর্ঘটনাগ্রস্ত বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়।
সোমবার লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে এসকিউ৩২১ উড়ানটি যাত্রা শুরু করে। আচমকাই সিঙ্গাপুর যাওয়ার পথে মাঝআকাশে ওই বিমানে ভয়ঙ্কর ঝাঁকুনি হয়। এরপর আপাতকালীন পরিস্থিতিতে ব্যাঙ্ককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়।
সিঙ্গাপুর এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে, খারাপ আবহাওয়ার মুখে পড়ে বিমানে প্রবল ঝাঁকুনি শুরু হয়। বিমানটি ৩৭ হাজার ফুট উচ্চতায় (১১,৩০০ মিটার) উড়ছিল। ওড়ার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় ঝাঁকুনি। তিন মিনিটের মধ্যে বিমানটি ৩১ হাজার ফুট (৯৪০০ মিটার) নীচে নেমে আসে।
আচমকা ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যাঁদের সিটবেল্ট বাঁধা ছিল না, তাঁরা ছিটকে অন্য দিকে চলে যান। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ৩টে বেজে ৪৫ মিনিটে ব্যাঙ্ককে নামে বিমানটি। ওই উড়ানে ছিলেন ২১১ জন যাত্রী এবং ১৮ জন বিমানকর্মী। দুর্ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩০ জন।
মৃত যাত্রীর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। উড়ান সংস্থার তরফে বলা হয়েছে, “দুর্ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়েছে, বেশ কয়েক জন আহত হয়েছেন।" বিমানে থাকা সমস্ত যাত্রী এবং বিমানকর্মীদের সব ধরনের সাহায্য দেওয়ার আশ্বাস দিয়েছে সংস্থা। থাইল্যান্ডের প্রশাসন চিকিৎসা পরিষেবায় সাহায্য করছে।
এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা সিট বেল্ট পড়ে না থাকাতেই বিপদ বেড়েছে। ব়্যাডার আগেভাগে ‘সতর্কতা সঙ্কেত’ না দেখানোয় পাইলট সিট বেল্ড বাঁধার ঘোষণা দেননি। আচমকাই ভয়ংকর ঝাকুনি হয়। যাত্রীরা ককপিটে এদিকে ওদিকে ছিটকে পড়েন। এতেই ঘটে বিপত্তি।