
শেষ আপডেট: 15 April 2024 18:16
দ্য ওয়াল ব্যুরো: মাত্র দু'দিনের মধ্যে ফের সিডনিতে হামলার ঘটনা ঘটল। এবার সিডনির এক গির্জায় ছুরি নিয়ে হামলা চালালেন এক ব্যক্তি। ঘটনায় গির্জার বিশপ সহ আহত হয়েছেন বেশ কয়েকজন। হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার অস্ট্রেলিয়ার সিডনির পশ্চিমী এলাকার এক চার্চে আচমকা আততায়ীর হামলার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রের খবর, এদিন গির্জায় প্রার্থনা চলাকালীন এই হামলার ঘটনা ঘটে। এক ব্যক্তি আচমকা চার্চে ঢুকে যাকে সামনে পেয়েছেন তাঁকেই এলোপাথাড়ি ছুরি নিয়ে কোপ মারতে থাকে।
ইতিমধ্যে বিশপ এবং অন্যান্য আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিকে, পর পর ছুরি নিয়ে হামলার জেরে আতঙ্ক ছড়িয়েছে সিডনিতে। এই ঘটনার নেপথ্য কারণ কী হতে পারে তা নিয়ে প্রশ্ন উঠছে। এছাড়াও অস্ট্রেলিয়ার নিরাপত্তা নিয়েও নানান সংশয় তৈরি হয়েছে।
এর আগে গত শনিবার সিডনির বন্ডি শপিং মলে একের পর ব্যক্তির উপর ছুরির কোপ বসাতে থাকে এক দুষ্কৃতী। ঘটনাটিতে ৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বিকেল ৪ টে নাগাদ ওই হামলাকারী মলে প্রবেশ করে হামলা চালাতে থাকে। খানিকক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযুক্তকে ধরতে পুরো শপিং মল ঘিরে ফেলা হয়।
পুলিশ হামলাকারীকে টার্গেট করতে গুলি চালাতে থাকে। গুলিবৃষ্টিতে মৃত্যু হয় হামলাকারীর। এখনও পর্যন্ত কোনও সংগঠন ওই ঘটনাটির দায় স্বীকার করেনি। এদিকে এরই মধ্যে ফের সিডনিতে আরও একবার হামলার ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।