
দুর্ঘটনাগ্রস্ত বিমান - ফাইল ছবি
শেষ আপডেট: 26 December 2024 15:49
দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ার হামলার মুখে পড়েছিল আজারবাইজান এয়ারলাইন্সের বিমান? কাজাখস্তানের দুর্ঘটনার পর এমনই সন্দেহ বাড়ছে অনেকের। কেউ কেউ দাবি করছেন, কোনও দুর্ঘটনা নয়, রাশিয়ান মিসাইল হামলায় ভেঙে পড়েছে ওই বিমানটি। তবে এই দাবির অকাট্য কোনও প্রমাণ এখনও মেলেনি।
ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ এখনও চলছে। সেই কারণেই অনেকে মনে করছেন, আজারবাইজান এয়ারলাইন্সের ওই বিমানকে দূর থেকে ড্রোন ভেবে তাতে মিসাইল ছুড়েছিল রাশিয়া। সেই কারণেই তা ভেঙে পড়ে। ইতিমধ্যে আজারবাইজান প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। কাজাখস্তান প্রশাসনও আলাদাভাবে ঘটনার তদন্ত করছে। তবে এখনও পর্যন্ত রাশিয়ার তরফে এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
এই বিমানটি বাকু থেকে রাশিয়ার গ্রোজনিতে যাচ্ছিল। মাঝপথে বিমানটি ক্রমশ নীচের দিকে নামতে শুরু করছিল এবং তাতে আগুন লেগে যায়। প্রাথমিক ধারণা, কুয়াশার কারণে হয়তো পাইলট দিকভ্রষ্ট হয়েছিলেন। যার ফলে তিনি পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তবে অনেকে এও মনে করেছেন পাখির ঝাঁকের সঙ্গে কোনওভাবে ধাক্কা লেগেছিল বিমানটির। তাতেই কোনও যান্ত্রিক ত্রুটি তৈরি হয়। এছাড়া বিমানের ইঞ্জিনেও কোনও সমস্যা থাকতে পারে যা এড়িয়ে যাওয়া হয়েছিল।
বিমানটিতে ৩৭ জন আজারবাইজানের, ১৬ জন রাশিয়ার, ৬ জন কাজাখস্তানের এবং ৩ জন কিরগিস্তানের বাসিন্দা ছিলেন। আকতাউ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত ৩ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে।