Russia-Ukraine War: পুতিন-মোদী ফোনে কথা, খারকিভে আটকে ভারতীয় পড়ুয়াদের 'সেফ প্যাসেজ' দেবে রাশিয়া
রাশিয়ার মিসাইল হামলায় (Russia-Ukraine War) ইউক্রেনে এক ভারতীয় পড়ুয়ার মৃত্যুর পরেই সেখানে আটকে পড়া ছাত্রছাত্রীদের জন্য 'সেফ প্যাসেজ' (Safe Passage) চেয়েছিল ভারত। নিরাপদে ভারতীয়দের দেশে ফিরিয়ে দেওয়ার জন্য রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে আলোচনা চলছ
শেষ আপডেট: 3 March 2022 02:33
রাশিয়ার মিসাইল হামলায় (Russia-Ukraine War) ইউক্রেনে এক ভারতীয় পড়ুয়ার মৃত্যুর পরেই সেখানে

আটকে পড়া ছাত্রছাত্রীদের জন্য 'সেফ প্যাসেজ' (Safe Passage) চেয়েছিল ভারত। নিরাপদে ভারতীয়দের দেশে ফিরিয়ে দেওয়ার জন্য রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে আলোচনা চলছিলই। বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। জানা গেছে, কিয়েভ, খারকিভে আটকে পড়া ভারতীয়রা যাতে ইউক্রেনের সীমান্ত পার হতে পারে সে জন্য তাদের সেফ প্যাসেজ দেওয়ার ব্যবস্থা করবে রাশিয়া।
হাজার হাজার ভারতীয় এখনও আটকে খারকিভে। রুশ মিসাইল হামলায় ইতিমধ্যেই বছর কুড়ির এক ভারতীয় ছাত্রের প্রাণ গেছে খারকিভে। কর্নাটকের বাসিন্দা শেখারাপ্পা জ্ঞানাগৌদর খারকিভ ন্যাশনাল মেডিক্যাল কলেজের চতুর্থবর্ষের ছাত্র ছিল। মিসাইলের আঘাতে ছিন্নভিন্ন হয়ে গেছে তার শরীর। রাশিয়ার সীমান্ত থেকে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ প্রায় ৪০ কিমি দূরে অবস্থিত। গত কয়েকদিন ধরে এই শহর রুশ হামলার শিকার। এই শহরের বহু এলাকায় ভারতীয় মেডিক্যাল পড়ুয়ারা থাকেন। তাঁদের নিরাপদে ফিরে যেতে দেওয়ার আবেদন জানিয়ে ভারতীয় বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে রাশিয়া ও ইউক্রেনের বিদেশসসচিবের একপ্রস্থ কথাও হয়েছিল। তখনই ভারত সেফ প্যাসেজ দেওয়ার কথা বলেছিল।
আরও পড়ুন: Russia-Ukraine War: তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তা হবে পরমাণু যুদ্ধ, সতর্কতা রুশমন্ত্রীর
২৪ ফেব্রুয়ারি পুতিনের ইউক্রেনে হামলা ঘোষণার পর এ নিয়ে দ্বিতীয় বার টেলিফোনে কথা হল প্রধানমন্ত্রী মোদী ও রাশিয়ার রাষ্ট্রপতির। গত ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী টেলিফোনে পুতিনকে অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার আবেদন জানিয়েছিলেন।

ইউক্রেন জানিয়েছে, ভারতীয় কয়েকজন ছাত্রীকে ইউক্রেনের পশ্চিম সীমান্ত পার করিয়ে দেওয়া হয়েছে। খারকিভ থেকে ট্রেনে ইউক্রেনের পশ্চিম সীমান্ত পার হতে প্রায় ২০ ঘণ্টা সময় লাগে। ভারতীয় ছাত্রীদের আগে এই সেফ প্যাসেজ দেওয়া হচ্ছে। এরপর ছাত্রদেরও একইভাবে ট্রেনে চাপিয়ে সীমান্ত পার করিয়ে দেওয়া হবে।
বিধ্বংসী অবস্থা ইউক্রেনের রাজধানী কিয়েভের। তছনছ হয়ে গেছে খারকিভও। গত বৃহস্পতিবার রাশিয়ার সেনা আক্রমণ করার পরেই বন্ধ করা হয়েছে ইউক্রেনের আকাশপথ। ভারতীয় ছাত্রছাত্রীরা ইউক্রেন সীমান্ত পেরিয়ে আশ্রয় নিচ্ছেন রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড ও স্লোভাক প্রজাতন্ত্রে। সেখানে অপেক্ষা করছে ভারতের বিমান। ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধার করে আনার কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'অপারেশন গঙ্গা'।