
ফাইল ছবি।
শেষ আপডেট: 4 August 2024 08:46
দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েল এবং প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ চলছিলই। এবার ইজরায়েলের বিরুদ্ধে লেবাননের সশস্ত্র গোষ্ঠী সক্রিয় হয়ে ওঠায় নতুন করে তপ্ত হয়ে উঠছে পশ্চিম এশিয়া। শনিবারও ইজরায়েলে ফের রকেট হামলা চালানোর অভিযোগ উঠেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে।
সংবাদ সংস্থা সূত্রের খবর, এই গোষ্ঠীকে সহযোগিতা করছে ইরান। সম্প্রতি ইরানে হামাসের রাজনৈতিক বিভাগের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার অভিযোগ উঠেছে ইজরায়েলের বিরুদ্ধে। তারপর থেকেই পাল্টা আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা। জানা যাচ্ছে, শুধু রকেট হামলায় নয়, আগামী দিনে আরও বড় হামলার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
ফলে আগামীদিনে ইজরায়েল-ইরানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি ভয়াবহ আকার নেওয়ার আশঙ্কা করা হচ্ছে। সামগ্রিকভাবে যার প্রভাব পড়তে পারে সমগ্র পশ্চিম এশিয়ার ওপর। ইতিমধ্যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ইরানকে সংযত থাকার বার্তা দিয়েছেন। তবে তাতে তারা কতটা কর্ণপাত করবেন তা নিয়েও সংশয় রয়েছে। তাই আগেভাগেই পশ্চিম এশিয়ায় মোতায়েন করা সেনার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।
জানা যাচ্ছে, শনিবার টানা বেশ কয়েক ঘণ্টা ইজরায়েলে রকেট হামললা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী। রকেট হামলায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলেও অসমর্থিত সূত্রের খবর। তবে অফিসিয়ালি ইজরায়েলের তরফে এখনও কোনও মৃত্যুর কথা স্বীকার করা হয়নি। তাঁদের দাবি, অত্যাধুনিক ডোম সিস্টেমের মাধ্যমে হিজবুল্লার রকেট মাটি ছোঁয়ার আগেই ধ্বংস করে দেওয়া হয়েছে।
ইজরায়েল একথা বললেও যেভাবে দু'পক্ষের সংঘাত বাড়ছে তাতে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞরা।