
Mark Zuckerberg
শেষ আপডেট: 6 March 2024 16:59
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার রাতে বড় সমস্যার সম্মুখীন হয়েছিল ফেসবুক, ইন্সটাগ্রাম। নিজে থেকেই লগ আউট হয়ে যাচ্ছিল ফেসবুক অ্যাকাউন্ট। সমস্যা দেখা দিয়েছিল ইনস্টাগ্রামের ক্ষেত্রেও। বিশ্বব্যাপী গ্রাহকদের মধ্যে শোরগোল পড়ে গেছিল। যদিও প্রায় সওয়া এক ঘণ্টা বিভ্রাটের পর ফের আগের মতোই কাজ করা শুরু করেছিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি। তবে এই ঘটনার বড় প্রভাব পড়েছে মেটা মালিক মার্ক জুকেরবার্গের উপর। বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে তাঁর সংস্থা।
গতকাল রাতের ঘটনার পর বুধবার সকাল থেকেই কমতে শুরু করেছে মেটার শেয়ার দর। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর, মাত্র সওয়া এক ঘণ্টার বিকল পরিষেবার কারণে জুকেরবার্গে অন্তত ১০০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছেন। ভারতীয় মুদ্রায় তার পরিমাণ ৮০০ কোটি টাকার বেশি! অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং কিছু গ্রাহকদের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ, থ্রেড ‘বিকল’ হয়ে গিয়েই এই ক্ষতির কবলে পড়েছেন তিনি।
বুধবার সন্ধে সাড়ে ছ' টার পর থেকেই ফেসবুক এবং ইনস্টাগ্রামে কিছু টেকনিক্যাল সমস্যা হচ্ছিল। যেমন কেউ কোনও কিছু পোস্ট করার পর এডিট করতে গেলে 'এরোর' দেখানো হচ্ছিল। তবে এভাবে যে নিজে থেকে অ্যাকাউন্ট লগ আউট হয়ে যাবে, তা কেউ কল্পনা করেননি। এমনকী লগ ইন করতে গেলে পাসওয়ার্ড 'এরোর' দেখায়। তাতেই উদ্বেগ বাড়ে গ্রাহকদের মধ্যে।
ভারত ছাড়াও আমেরিকা, ইউরোপেও এই সমস্যা দেখা দিয়েছিল। মেটার তরফে পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়, একটি প্রযুক্তিগত সমস্যার কারণে তাঁদের কিছু পরিষেবা পেতে অসুবিধায় পড়েন মানুষ। যত তাড়াতাড়ি সম্ভব ওই সমস্যাটির সমাধানের চেষ্টা করেছেন তাঁরা এবং ওই অসুবিধার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন।