.webp)
শেষ আপডেট: 16 December 2023 12:20
দ্য ওয়াল ব্যুরো: ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের ধর্মাচরণের স্বাধীনতা বিপন্নতার অভিযোগ নতুন নয়। দেশে-বিদেশে বহু প্রতিষ্ঠান এই ব্যাপারে সরব হয়েছে। এমনকী মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন বারাক ওবামা এই ব্যাপারে সরব হয়েছিলেন। এবার মার্কিন সরকারের একটি স্বশাসিত সংস্থা জো বাইডেন প্রশাসনকে সুপারিশ করেছে, ধর্মীয় স্বাধীনতা, সহিষ্ণুতার প্রশ্নে ভারতকে বিশেষ উদ্বেগের দেশ বলে ঘোষণা করা হোক।
মার্কিন ওই সংস্থাটির নাম দ্য ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম, সংক্ষেপে (ইউএসসিআইআরএফ)। কয়েক বছর আগেও এই সংস্থা ভারতে সংখ্যালঘুদের ধর্মাচরণের অধিকার বিপন্ন বলে সরব হয়েছিল। এবার তারা শুধু ভারতের অভ্যন্তরের ঘটনাবলী নয়, হাতিয়ার করেছে কানাডায় খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার ঘটনাকেও। কানাডা সরকারের বক্তব্য, হরদীপ হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্ট জড়িত।
হরদীপ ইস্যুতে কানাডার সঙ্গে বিবাদের মধ্যেই সামনে এসেছে আমেরিকায় শিখস ফর জাস্টিসের নেতা গুরপতয়ন্ত সিংহ পন্নুনকে হত্যার চেষ্টায় এক ভারতীয়র যুক্ত থাকার অভিযোগ। নিখিল গুপ্ত নামে ওই ভারতীয় বর্তমানে চেকস্লোভাকিয়া পুলিশের হেফাজতে। মার্কিন প্রশাসন তাঁকে নিজেদের হেফাজতে নিতে প্রক্রিয়া শুরু করেছে। আমেরিকা ইতিমধ্যে ভারতকে গোটা ঘটনা জানিয়ে দিয়েছে। পন্নুনও একজন খালিস্তানপন্থী নেতা। তিনি কানাডারও নাগরিক। ফলে আমেরিকার পাশাপাশি কানাডাও পন্নুনকে হত্যার ষড়যন্ত্রে ভারতীয় এজেন্টের যুক্ত থাকার অভিযোগ নিয়ে তদন্ত চালাচ্ছে।
ইউএসসিআইআরএফের কর্তা ডেভিড কারির বক্তব্য, ভারতে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের ঘটনা নতুন নয়। এখন তা বিদেশেও সক্রামিত হয়েছে। তিনি জানান, ১৯৯৮ সালের ইউএস রিলিজিয়াস ফ্রিডম অ্যাক্টে আমেরিকার কোনও দেশকে ধর্মীয় স্বাধীনতা, সহিষ্ণুতার মানদণ্ডে ‘বিশেষ উদ্বেগের দেশ’ ঘোষণার বিধান রয়েছে।