
ফাইল চিত্র
শেষ আপডেট: 19 March 2025 09:43
দ্য ওয়াল ব্যুরো: ৯ মাস ধরে মহাকাশে আটকে ছিলেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং ব্যারি বুচ উইলমোর। দীর্ঘ টানাপড়েনের পর বুধবার ভোরে তাঁদের পৃথিবীতে ফিরিয়ে এনেছে স্পেস এক্স-এর রকেট (Space X)। আর তাঁদের প্রত্যাবর্তনের পরই বড় বার্তা দিল হোয়াইট হাউস (White House)। বলল, 'আমরা কথা দিয়েছিলাম, কথা রেখেছি।'
সুনীতাদের পরিস্থিতির জন্য জো বাইডেন প্রশাসনকে দায়ী করেছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। স্পেস এক্স কর্তা ইলন মাস্কও একই সুরে নিশানা করেছিলেন বাইডেন সরকারকে। এখন সুনীতারা ফিরে আসার পর তাঁদেরকেই ফের একবার খোঁচা দিলেন ট্রাম্প-মাস্ক। টেসলা কর্তা সম্প্রতি এক সাক্ষাৎকারে আবারও একবার দাবি করেছেন, রাজনৈতিক কারণের জন্যই সুনীতাদের ফিরিয়ে আনেনি বাইডেন প্রশাসন। কিন্তু ট্রাম্প সরকার মিশনটিকে গুরুত্ব দিয়েছে। তাই সময় মতোই ফিরে এসেছেন মহাকাশচারীরা।
PROMISE MADE, PROMISE KEPT: President Trump pledged to rescue the astronauts stranded in space for nine months.
— The White House (@WhiteHouse) March 18, 2025
Today, they safely splashed down in the Gulf of America, thanks to @ElonMusk, @SpaceX, and @NASA! pic.twitter.com/r01hVWAC8S
বুধবার ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ (ভারতীয় সময়) সুনীতাদের নিয়ে ফ্লরিডার সমুদ্রে অবতরণ করেছে স্পেস এক্স-এর মহাকাশযান (Space X)। তাঁদের সঙ্গে একই মহাকাশযানে ফিরেছেন নাসার (NASA) নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজ়ান্ডার গর্বুনভ। তবে কেউই এখনই বাড়ি যেতে পারবেন না। থাকতে হবে কোয়ারেন্টিনে। আসলে দীর্ঘদিন মহাকাশে থাকার কারণে শারীরিক নানা জটিলতার সৃষ্টি হয় মহাকাশচারীদের। সুনীতারাও ব্যতিক্রম নন। তাই এতদিন মহাকাশে থাকার কারণে পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারবেন না তাঁরা। পাশাপাশি মহাকাশ থেকে নতুন রোগ নিয়ে আশার আশঙ্কা থাকে, অন্যদিকে পৃথিবীর জীবাণুতেও সংক্রামিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁদের। তাই কোয়োরেন্টিনই একমাত্র উপায়।
গত বছরের জুন মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা এবং বুচ। আট দিন পরেই তাঁদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল। কিন্তু যে যানে চড়ে তাঁরা গিয়েছিলেন, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এতএব ফেরা হয়নি। তারপর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ঝুঁকি এবং নানা প্রতিকূলতাকে সঙ্গী করেই দিন কাটিয়েছেন তাঁরা। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই বলেছিলেন, দ্রুত ফিরিয়ে আনা হবে দুজনকে। দেখা গেল, প্রতিশ্রুতি দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই পৃথিবীতে ফিরে আসলেন সুনীতারা।