
ফাইল ছবি
শেষ আপডেট: 23 January 2025 13:40
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার দুদিন পরেই ২০ বছরের বিবাহবার্ষিকী পালন করলেন ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেই আনন্দঘন দিনটিকে স্মরণ করে ট্রাম্প বিয়ের অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করে লিখেছেন, হ্যাপি টোয়েন্টিয়েথ অ্যানিভার্সারি মেলানিয়া! মার্কিন প্রেসিডেন্টের অফিসিয়াল অ্যাকাউন্ট @POTUS-এ প্রেসিডেন্ট ট্রাম্প আরও লিখেছেন, আমাদের ফার্স্ট লেডি এবং আমার সুন্দরী স্ত্রী মেলানিয়ার সঙ্গে ২০ বছর কাটানোর পূর্তি পালন করছি। মেলানিয়া তুমি এক অসাধারণ স্ত্রী এবং দারুণ মা। হ্যাপি অ্যানিভার্সারি।
মেলানিয়া-ডোনাল্ডের বিয়ে হয় ২০০৫ সালের ২২ জানুয়ারি। ফ্লোরিডার পাম সমুদ্র সৈকতে এক বিলাসবহুল রিসর্টে পালিত হয় বিয়ের অনুষ্ঠান। গতবছর একটি টিভি সাক্ষাৎকারে মেলানিয়াকে প্রশ্ন করা হয়েছিল, আপনি ডোনাল্ড ট্রাম্পের কোন বিষয়টি সবথেকে বেশি পছন্দ করেন। তার জবাবে মেলানিয়া বলেছিলেন, ওর ব্যবহার, ওর কথা বলার রসবোধ, ব্যক্তিত্ব, ওর সহজ-সরল ব্যবহার। ও সকলের থেকে আলাদা, ডোনাল্ড সবসময় ভালোর কথা ভাবে, অদম্য উৎসাহে ভরপুর, সহজে বলা যায় অবিশ্বাস্য রকমের এক পুরুষ। আর এই কারণেই আমাদের মধ্যে সম্পর্ক এখনও এত সুন্দর রয়েছে।
Happy 20th Anniversary to Melania! pic.twitter.com/VIcXSQb4QO
— Donald J. Trump (@realDonaldTrump) January 22, 2025
মেলানিয়ার সম্পূর্ণ নাম মেলানিয়া কেনাউস। পেশায় স্লোভেনিয়ার মডেল ছিলেন। ১৯৮৮ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কে একটি ফ্যাশন উইক পার্টিতে তাঁদের পরিচয় হয়। সেই সময় ডোনাল্ডের সঙ্গে তাঁর দ্বিতীয় পত্নী মার্লা ম্যাপলসের সদ্য বিচ্ছেদ হয়েছে। মেলানিয়া একবার সাক্ষাৎকারে বলেছিলেন, ও একটি অন্য মেয়ের সঙ্গে সেখানে এসেছিল। তা সত্ত্বেও আমার ফোন নম্বর চেয়েছিল। আমি ওকে অন্য মেয়ের সঙ্গে দেখে আমার নম্বর ওকে দিইনি। আমি বলেছিলাম, তুমি তোমার নম্বর আমায় দিতে পারো। আমি ফোন করে নেব।
মেলানিয়া কয়েকদিন পর নিজেই ট্রাম্পকে ফোন করেন। তখন ম্যাপলের সঙ্গে পাকাপাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে এবং তাঁরা পরস্পরের সঙ্গে দেখা করা শুরু করেন। প্রায় চার বছর মেলামেশার পর ২০০৪ সালে ডোনাল্ড মেলানিয়াকে বিয়ের প্রস্তাব দেন। এবং সঙ্গে সঙ্গে মেলানিয়া তা গ্রহণ করেন। সংবাদে প্রকাশ, মেলানিয়ার বিয়ের গাউনটি তৈরি করেছিলেন ডন গ্যালিয়ানো। সেই আমলে দাম পড়েছিল ১০০,০০০ মার্কিন ডলার।
২০০৬ সালের মার্চে ডোনাল্ড-মেলানিয়ার প্রথম ও একমাত্র সন্তান ব্যারনের জন্ম হয়। ৭৮ বছর বয়সি ট্রাম্পের আগের বিয়ের সূত্রে আরও সন্তান রয়েছে। প্রথম স্ত্রী ইভানা ট্রাম্পের সূত্রে তাঁর বড় ছেলের নাম ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও এরিক ট্রাম্প। দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপলসের সূত্রে একটি মেয়ে টিফানি ট্রাম্প।