
পাকিস্তানে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ফাইল ছবি
শেষ আপডেট: 13 May 2024 17:43
দ্য ওয়াল ব্যুরো: ভারতে অন্তর্ভুক্তির দাবিতে পাক অধিকৃত কাশ্মীরে চলা প্রবল বিক্ষোভ-আন্দোলন চারদিনে পড়ল। সোমবারও বিভিন্ন শহরের দোকানপাট বন্ধ ছিল। রাস্তাঘাটে তেমন যান চলাচল করেনি। পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে আছে। এই অবস্থায় সোমবারই পাকিস্তান সরকার অধিকৃত কাশ্মীরের জন্য ৭১৮ কোটি টাকার সাহায্য ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে এক ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
শরিফ এদিন পাক অধিকৃত কাশ্মীর নিয়ে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন। সেখানে উপস্থিত ছিলেন অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক, পিএমএল-এন নেতা ফারুক হায়দর, কাশ্মীর বিষয়ক মন্ত্রী আমির মুকাম প্রমুখ। পাক অধিকৃত কাশ্মীরের আর্থিক দুরবস্থা নিয়ে আলোচনা হয়।
অন্যদিকে, অধিকৃত কাশ্মীরে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়ে ব্যাপক বিক্ষোভ চতুর্থদিনে পা দিল। জম্মু-কাশ্মীর জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটির সঙ্গে পাক সরকারের বৈঠক ব্যর্থ হয়েছে। তার প্রতিবাদে এদিন রাওয়ালকোট থেকে মুজাফফরাবাদ পর্যন্ত বিশাল পদযাত্রা বেরয়।
রাস্তা অবরোধ করে রাখায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। অন্তত শখানেক মানুষ জখম হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে পাকিস্তানের আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। পাকিস্তানের দখল করা কাশ্মীর প্রসঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, একদিন আমরা অবৈধভাবে দখল করে রাখা জমির সমস্যা মিটিয়ে ফেলব। তার মধ্যে পাক অধিকৃত কাশ্মীরও থাকবে।
দৃশ্যতই ক্ষুব্ধ পাক প্রধানমন্ত্রী শরিফ বলেন, যারা নিজের হাতে আইন তুলে নেবে তাদের বরদাস্ত করা হবে না। হিংসাত্মক ঘটনার প্রতি উদ্বেগ প্রকাশ করে বলেন, আলোচনা, শান্তিপূর্ণ বিক্ষোভ এবং বিতর্ক চলাই হল গণতন্ত্রের অলঙ্কার। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিও একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকেন এদিন।