
শেষ আপডেট: 9 March 2024 15:36
দ্য ওয়াল ব্যুরো: সৌভাগ্যের আশায় মানুষ কত কী না করে!
চলন্ত গাড়ি থেকে মন্দির লক্ষ্য করে কয়েন ছুড়ে মাথায় হাত ঠেকিয়ে প্রণাম করতে দেখা যায় অনেককে! কেউ কেউ আবার চলন্ত ট্রেন বা বাস থেকে নদীতে কয়েন ছুড়ে প্রণাম করেন! কুসংস্কারের বশে এবার বিমানের ইঞ্জিনে কয়েন ছুড়লেন এক যাত্রী!
যার নিট ফল, ভাগ্য ফেরা তো দূরে থাক, ওই যাত্রীকে আটক করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে চলেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
চিনের সাউদার্ন এয়ারলাইন্সের ঘটনা। বিমানবন্দর কর্তৃপক্ষর তরফে তাঁদের অফিসিয়াল সোশ্যাল অ্যাকাউন্ট থেকে ঘটনার তীব্র নিন্দা করে জানানো হয়েছে, এই ধরনের ঘটনা বিমান নিরাপত্তার পক্ষে বিপজ্জনক, অভিযুক্তের কঠোর শাস্তির ব্যবস্থা করা হচ্ছে।
সম্প্রতি চিনের সাউদার্ন এয়ারলাইন্সে সন্যা থেকে বেজিংগামী একটি বিমান নির্ধারিত সময়ের চেয়ে প্রায় সাড়ে চার ঘণ্টা দেরিতে ছেড়েছিল। বিমান দেরির কারণ অনুসন্ধান করতে গিয়ে এই কয়েন ছোড়ার বিষয়টি সামনে আসে।
ঘটনাটি ৬মার্চের। সংশ্লিষ্ট বিমানটি সকাল ১০টায় সাউদার্ন এয়ারলাইন্স থেকে উড়ে যাওয়ার কথা ছিল। চিনের রাষ্ট্রীয় গণমাধ্যম সংবাদ সংস্থাকে জানিয়েছে, বিমান ছাড়ার আগের মুহুর্তে এক বিমানসেবিকার নজরে আসে যে বিমানের ইঞ্জিনে কী যেন ছুঁড়লেন এক যাত্রী! দুর্ঘটনার আশঙ্কয় সঙ্গে সঙ্গে বিমানের যাত্রা স্থগিত করা হয়।
সংবাদ সংস্থা সূত্রের খবর, সংশ্লিষ্ট যাত্রীকে জেরা করার পর বিমানবন্দর কর্তৃপক্ষ জানতে পারেন, ভাগ্য ফিরবে, এই আশায় তিনি বিমানের ইঞ্জিনে বেশ কয়েকটি কয়েন ছুড়েছিলেন!
সংশ্লিষ্ট যাত্রী সঠিক বলছেন কি না, তা জানতে এরপরই ইঞ্জিন পরীক্ষা করে দেখা যায়, তার মধ্যে বেশ কয়েকটি কয়েন পড়ে রয়েছে!
বিমানবন্দর কর্তৃপক্ষর তরফে জানানো হয়েছে, ওই ঘটনার জেরেই ৬ মার্চ বিমান ছাড়তে প্রায় সাড়ে চার ঘণ্টা দেরি হয়েছিল। সকাল ১০টা পরিবর্তে শেষমেশ বেলা আড়াইটে নাগাদ যাত্রীদের নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে উড়ে যায় বিমানটি।
এই প্রথম নয়, সাউদার্ন এয়ারলাইন্স সূত্রের খবর, এর আগেও হুবহু একই ঘটনা ঘটেছিল ২০২১ সালে। ফ্লাইটটি ওয়েফাং থেকে হাইকোতে ১৪৮ জন যাত্রী নিয়ে যাওয়ার কথা ছিল। ওয়াং নামের এক ব্যক্তি ইঞ্জিনে লাল কাগজে মোড়ানো কয়েন ছুড়ে দেন। নিরাপত্তার কারণে সে সময় সংশ্লিষ্ট বিমানটি বাতিল করা হয়েছিল।