
শেষ আপডেট: 4 March 2024 14:05
দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীর ইস্যুকে ইজরায়েল-প্যালেস্তাইন সমস্যার সঙ্গে তুলনা করলেন পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। অর্থাৎ, পাক রাজনীতিতে কাশ্মীরের প্রতি 'দায়বদ্ধতা' ফের একবার আন্তর্জাতিকস্তরে তুলে ধরল ইসলামাবাদ। প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম ভাষণে শরিফ কাশ্মীর সমস্যাকেও টেনে আনেন। যদিও প্রতিবেশী দেশগুলিসহ শক্তিধর রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতির উপরও জোর দিয়েছেন।
শরিফ জানিয়েছেন, পাকিস্তান কোনও বড় খেলার মধ্যে নাক গলাবে না। আন্তর্জাতিক সহযোগী বৃদ্ধির চেষ্টা করবে। ভাষণে তিনি বলেন, সমতার চোখে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা হবে। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম ভাষণে শরিফ আরও বলেন, ন্যাশনাল অ্যাসেম্বলিতে সকলে আসুন এবং কাশ্মীরি এবং প্যালেস্তিনীয়দের স্বাধীনতার জন্য প্রস্তাব পাশ করি।
ভাষণে পাকিস্তানের দুর্বল অর্থনীতির প্রসঙ্গও তুলে ধরেন শরিফ। তিনি ক্ষমতায় আসার সময় দেশ এক লক্ষ কোটি টাকার আর্থিক ঘাটতির মধ্য দিয়ে যাচ্ছিল। এই অবস্থায় আমরা কীভাবে সেনাবাহিনীর বেতন দেব, কীভাবে সরকারি কর্মীদের মাইনে দেব তা নিয়ে দুশ্চিন্তার অন্ত ছিল না। অর্থনীতির সংস্কার এই মুহূর্তে দেশের সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ। ঋণ ফেরতের সময় সহ সুদের বোঝা নিয়েও পাকিস্তান বিরাট সংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে বলে তিনি জানান।