.jpeg)
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইশাক দার।
শেষ আপডেট: 25 April 2025 08:00
দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় নিহত হয়েছেন ২৬ জন, যাঁদের বেশিরভাগই ছিলেন পর্যটক। তা নিয়ে যখন পাকিস্তানের বিরুদ্ধে অসন্তোষ দলা পাকিয়ে উঠছে, তখন নুনের ছিটে দিল ইসলামাবাদ। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইশাক দার বৃহস্পতিবার বলেন, “যারা হামলা চালিয়েছে, তারা মুক্তিযোদ্ধা।”
গত ২২ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র বইসরানে ভয়াবহ হামলা চালায় জঙ্গিরা। লস্কর-ই-তইবার একটি শাখা, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF) এই হামলার দায় স্বীকার করেছে। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর এটিই উপত্যকার সবচেয়ে ভয়ঙ্কর হামলা হিসেবে ধরা হচ্ছে।
এ ঘটনায় ভারত সরকার একগুচ্ছ কূটনৈতিক পদক্ষেপ করেছে। পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি স্থগিত রাখা হয়েছে, বাতিল করা হয়েছে পাকিস্তানি নাগরিকদের দেওয়া সব ভিসা।
এরই মাঝে ইসলামাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইশাক দার বলেন, ‘‘পাকিস্তানের ২৪ কোটি মানুষের জল দরকার। ভারত যদি জল বন্ধ করে দেয়, সেটা যুদ্ধ ঘোষণারই সামিল হবে। ভারত হামলা করলে পাকিস্তানও পাল্টা জবাব দেবে।’’
পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকেও একই সুরে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে বৈঠকের পর বলা হয়, “ভারতের তরফে জলপ্রবাহ রোধ বা বিভ্রান্ত করার চেষ্টা যুদ্ধ ঘোষণার মতো কাজ হবে।”
এছাড়াও, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মহম্মদ আসিফ দাবি করেছেন, ভারত পাকিস্তানে হামলার ছক কষছে। তাঁর ভাষায়, “আমাদের নাগরিকদের ক্ষতি করলে ভারতও ছাড় পাবে না। বদলা হবে বদলার মতো।”
ভারতের পক্ষ থেকে এ ধরনের মন্তব্যকে চরম দায়িত্বজ্ঞানহীন এবং সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার সামিল বলে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। সরকারের এক শীর্ষকর্তা বলেছেন, ‘‘পাকিস্তানের বক্তব্য থেকে পরিষ্কার, তারা এখনও জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে।’’