
ভয়াবহ জঙ্গি হামলার কবলে রাশিয়া
শেষ আপডেট: 24 June 2024 09:48
দ্য ওয়াল ব্যুরো: উত্তর কোরিয়ার সফর সেরে সবে দেশে ফিরেছেন ভ্লাদিমির পুতিন। এরপরই ভয়াবহ জঙ্গি হামলার কবলে রাশিয়া। রবিবার দাগেস্তান শহরের একাধিক জায়গায় এলোপাথাড়ি গুলি চালায় বন্দুকবাজের দল। ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে রয়েছেন এক পাদরি সহ একাধিক পুলিশ কর্মী।
স্থানীয় সূত্রের খবর, দাগেস্তান প্রদেশের এক ইহুদী উপাসনালয়, গির্জা এবং একটি থানায় একইসঙ্গে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম হয়েছেন অন্তত ২৫ জন। পুলিশের পালটা হামলায় নিকেশ ৬ বন্দুকবাজও। মৃতদের মধ্যে রয়েছেন অর্থোডক্স চার্চের ধর্মগুরুও। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ভিডিও বার্তা দিয়ে হামলার খবর নিশ্চিত করেছেন দাগেস্তানের গভর্নর। আগামী তিনদিন দাগেস্তান প্রদেশে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করেছেন তিনি।
রুশ তদন্তকারী কমিটির তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই দাগেস্তানের সন্ত্রাসবাদী হামলার ঘটনায় তদন্ত শুরু হয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলার দায়ভার নেয়নি। রাশিয়ার সরকারি মিডিয়াতে প্রকাশিত রিপোর্ট বলছে, হামলাকারীদের মধ্যে ছিল সেন্ট্রাল দাগেস্তানের সার্গোকালা জেলা প্রধানের দুই ছেলে। তাদের ইতিমধ্যেই আটক করা হয়েছে।
রবিবার দাগেস্তান এলাকায় খ্রিস্টানদের এক ধর্মীয় উৎসব চলাকালীন হামলা চলে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, গাঢ় রঙের পোশাক পরে একদল বন্দুকবাজ প্রথমে পুলিশ পোস্টে হামলা চালায়। অন্যদিকে, সিনাগগ ও চার্চে ঢুকে আরেকদল হামলাকারী আগুন জ্বালিয়ে দেয়। পুলিশও পালটা অভিযানে নেমে ৬ সন্ত্রাসবাদীকে নিকেশ করে বলে খবর।
ঘটনা ঘিরে স্বভাবতই উত্তর ককেশাসের ক্যাস্পিয়ান সাগর লাগোয়া দাগেস্তানে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। মুসলিম সম্প্রদায় প্রধান এই এলাকা রাশিয়ার অন্যতম দরিদ্র অঞ্চল। গত কয়েক বছরে বার বার সন্ত্রাসী হামলার শিকার হয়েছে ওই এলাকা। এবারের ঘটনাও তেমনই বলে মনে করছে রাশিয়ার সন্ত্রাসবিরোধী কমিটি।
উল্লেখ্য, মাত্র তিনমাস আগেই রাশিয়ার রাজধানী শহর মস্কোতে একটি কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা হয়েছিল। যেখানে ১৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। সেই ঘটনার দায় স্বীকার করেছিল আইএসআইএস।