.png)
ফাইল চিত্র
শেষ আপডেট: 9 March 2025 08:18
দ্য ওয়াল ব্যুরো: সিরিয়ায় এক ভয়াবহ সংঘর্ষে ১,০০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগামী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে এই সংঘর্ষ হয়, বলে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর প্রতিবেদনে জানানো হয়েছে। এই সহিংসতা শুরু হয়, যখন বর্তমান সরকারের সমর্থক কিছু বন্দুকধারী 'প্রতিশোধমূলক হত্যা' শুরু করে। মূলত ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদের অনুগত আলাওয়াইট সম্প্রদায়ের উপর এই হামলা চলে।
বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও সরকার বেশিরভাগ এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সহিংসতার কেন্দ্রস্থল উপকূলীয় অঞ্চলটি স্থিতিশীল করতে সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এই সংঘর্ষে ৭৪৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাদের অধিকাংশই কাছ থেকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। পাশাপাশি, ১২৫ জন সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ১৪৮ জন সশস্ত্র আসাদ-সমর্থক যোদ্ধাও নিহত হয়েছেন।
আসাদের শাসনকালে আলাওয়াইট সম্প্রদায় সামরিক বাহিনী এবং অন্যান্য উচ্চপদে বিশেষ সুবিধা ভোগ করত। তবে তিন মাস আগে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে এই সম্প্রদায়ের উপর একাধিকবার হামলার ঘটনা ঘটছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সহিংসতার পাশাপাশি লাতাকিয়া শহরের আলাওয়াইট অধ্যুষিত এলাকাগুলিতে বিদ্যুৎ ও খাবার জলের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা এপি-কে জানিয়েছেন, আলাওয়াইট সম্প্রদায়ের বেশ কিছু বাড়ি লুটপাটের পর জ্বালিয়ে দেওয়া হয়েছে। লেবাননের পার্লামেন্টের আলাওয়াইট সম্প্রদায়ের প্রতিনিধি হায়দার নাসের জানিয়েছেন, সিরিয়া থেকে বহু আলাওয়াইট নাগরিক নিরাপত্তার কারণে লেবাননে পালিয়ে যাচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা এপি-কে জানিয়েছেন, কিছু নারীদের রাস্তায় নগ্ন করে হাঁটানো হয় এবং পরে গুলি করে হত্যা করা হয়।
বনিয়াস শহরে সংঘর্ষ সবচেয়ে বেশি তীব্র আকার ধারণ করে। সেখানে রাস্তায় এবং বাড়ির ছাদে মরদেহ পড়ে থাকতে দেখা গিয়েছে। বন্দুকধারীরা বহুক্ষণ ধরে কাউকে মৃতদেহ দাফন করতে দেয়নি। “পরিস্থিতি ভয়াবহ ছিল। রাস্তায় মরদেহ পড়েছিল,” এপি-কে জানিয়েছেন এক স্থানীয় বাসিন্দা, যিনি নিজের শহর ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন। তিনি জানান, বন্দুকধারীরা হঠাৎই গুলি চালাতে শুরু করে। বাড়িঘর ও গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।