
ফ্রান্সের প্যারিসের পৃথিবী বিখ্যাত নতরদাম গির্জা
শেষ আপডেট: 29 November 2024 18:54
দ্য ওয়াল ব্যুরো: ফ্রান্সের প্যারিসের পৃথিবী বিখ্যাত নতরদাম গির্জা আমূল সংস্কারের পর ফের খুলতে চলেছে। আগামী ক্রিসমাসের আগেই খুলছে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হওয়া এই ক্যাথিড্রাল। শুক্রবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সংস্কারের পর গির্জা ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ব্রিজিত।
পাঁচবছর আগে ২০১৯ সালের ১৫ এপ্রিল গোটা বিশ্ব স্তম্ভিত হয়ে গিয়েছিল এই গির্জার অগ্নিকাণ্ড দেখে। অপরূপ শিল্পকৃতির এই গির্জার অন্দর-বাহিরের প্রকৌশল উত্তর-আধুনিক যুগের কারিগরির কাছেও এক বিস্ময়। সেই আগুন লাগার কারণ জানা না গেলেও মনে করা হয়, সিগারেটের কিংবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।
তখনই ম্যাক্রোঁ বলেছিলেন, যত দ্রুত সম্ভব গির্জার সংস্কার করা হবে। পাঁচ বছরের মধ্যে সেই অসাধ্য সাধন করায় তিনি কর্মী, শিল্পী, কলাকুশলীদের ধন্যবাদ জানান ও প্রশংসা করেন। আনুষ্ঠানিকভাবে এই ক্যাথিড্রালের উদ্বোধন হবে আগামী ৭ ডিসেম্বর।
অগ্নিকাণ্ডের আগে পর্যন্ত প্রতিবছর এই গির্জায় আনুমানিক ১২ মিলিয়ন পর্যটক আসতেন। তবে এবার তা আরও বাড়তে পারে। কারণ গির্জায় প্রবেশমূল্য লাগবে না। অনলাইনের দেখার টাইম নিতে হবে পর্যটকদের। যা ডিসেম্বরের গোড়াতেই শুরু হয়ে যাবে।