নতুন ভিডিওতে নেতানিয়াহুকে ইজরায়েলের বিভিন্ন সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায়। জানা গেছে ভিডিওটি জেরুজালেমের। সেখানে হাঁটতে হাঁটতে আশপাশের পরিবেশ দেখছেন এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলছেন তিনি।

আবারও একটি নতুন ভিডিও প্রকাশ করলেন নেতানিয়াহু
শেষ আপডেট: 16 March 2026 20:59
দ্য ওয়াল ব্যুরো: ইরানের সঙ্গে সংঘাতের মাঝেই বারবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) আবারও একটি নতুন ভিডিও প্রকাশ করলেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ (Netanyahu AI Video Controversy)।
এর আগে তার পোস্ট করা কফিশপের একটি ভিডিওকে 'এআই ভিডিও' (Netanyahu AI Generated Video) বলে চিহ্নিত করেছিল ইলন মাস্কের সংস্থা 'গ্রোক'। সেই বিতর্কের মধ্যেই নেতানিয়াহুর নতুন ভিডিও সামনে এসেছে।
নতুন ভিডিওতে নেতানিয়াহুকে ইজরায়েলের বিভিন্ন সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায়। জানা গেছে ভিডিওটি জেরুজালেমের। সেখানে হাঁটতে হাঁটতে আশপাশের পরিবেশ দেখছেন এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলছেন তিনি।
আলাপচারিতায় নেতানিয়াহু
ভিডিওতে নেতানিয়াহুকে বলতে শোনা যায়, “কী সুন্দর! অনেক ধন্যবাদ। খুব ভাল। চলুন একটু রোদটা উপভোগ করি।” এক সময় একটি কুকুরের দিকে নজর যায় নেতানিয়াহুর। তিনি জানতে চান, “এই কুকুরটা কার? কোন জাতের?” উত্তরে এক মহিলা বলেন, “ক্যানানাইট-ইজরায়েলি।” এই নিয়ে আশপাশের মানুষের সঙ্গে কথোপকথনও চালিয়ে যান নেতানিয়াহু।
שומרים על ההנחיות ומנצחים ביחד >> pic.twitter.com/HC5w3PqKuV
— Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) March 16, 2026
তিনি বলেন, “ওরও একটু বাইরে বেরোনো দরকার। আপনাদের সবার জন্যই ভাল। আপনারা কি একটু খোলা হাওয়া খেতে বেরিয়েছেন?”
এরপরই নিরাপত্তা প্রসঙ্গেও প্রশ্ন করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। তিনি বলেন, “অবশ্যই কাছাকাছি কোনও নিরাপদ জায়গা থাকলে তবেই বাইরে বেরোনো উচিত।” এক মহিলা জানান, কাছেই একটি নিরাপদ আশ্রয়স্থল রয়েছে।
এর জবাবে নেতানিয়াহু বলেন, “দারুণ, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইজরায়েল নিরাপত্তা বাহিনীর জয় হবে, আর আমরা নিজেদের রক্ষা করব।”
গত সপ্তাহ থেকেই সোশ্যাল মিডিয়ায় নেতানিয়াহুর নিরাপত্তা ও তার ভিডিওগুলির সত্যতা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে।
একটি প্রেস কনফারেন্সের ভিডিও ক্লিপে তাকে হাত তুলতে দেখা যায়, যেখানে কিছু ব্যবহারকারীর দাবি ছিল, তাঁর এক হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে। এই দাবি থেকেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু হয় যে ভিডিওটি হয়তো এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই বিতর্কের মাঝেই রবিবার নেতানিয়াহু আরেকটি ভিডিও পোস্ট করেন।
ভিডিওটি ধারণ করা হয়েছিল জেরুজালেম হিলসের দ্য সতাফ এলাকায়। সেখানে তাকে কফি অর্ডার করতে দেখা যায়। সেখানে তিনি রসিকতা করে বলেন, “আমি মৃত... অবশ্যই কফির জন্য।” হিব্রু ভাষার একটি কথার ছলেও তিনি এই মন্তব্য করেন, যার অর্থ কোনও কিছুকে খুব ভালবাসা।
তিনি আরও বলেন, “জানেন কী? আমি আমার মানুষের জন্যই ‘মরছি’। তারা যেভাবে আচরণ করছে, সেটা অসাধারণ।”
ভিডিও চলাকালীন নেতানিয়াহু ক্যামেরার সামনে দু’হাত তুলে ধরেন এবং আঙুল দেখিয়ে বলেন, “আমার আঙুল গুনতে চান? এখানে দেখতে পাচ্ছেন, দেখলেন তো?” অনলাইনে ছড়িয়ে পড়া ছয় আঙুলের দাবির জবাব হিসেবেই এই ইঙ্গিত করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
এই সব ঘটনার মাঝেই আরব দুনিয়ায় উত্তেজনা অব্যাহত রয়েছে। আমেরিকা, ইজরায়েল ও ইরানের সংঘাত ইতিমধ্যেই ১৭ দিনে পৌঁছেছে। গত মাসে ইরানের উপর আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার পরই এই সংঘাত আরও তীব্র হয়।
সেই হামলায় ইরানের ৮৬ বছর বয়সি সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন বলে রিপোর্টে দাবি করা হয়েছে। এরপর থেকেই আরব দুনিয়া জুড়ে সংঘাত আরও বিস্তৃত হয়েছে।