
শেষ আপডেট: 14 February 2024 09:35
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানে পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন শাহবাজ শরীফ। তিনিও আর এক সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) -এর সভাপতি। তাঁর দাদা তিনবারের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে সরে দাঁড়িয়ে ভাইয়ের নাম প্রস্তাব করেছেন। তবে শাহবাজ শেষ পর্যন্ত ইসলামাবাদের পরবর্তী কর্তা হতে যাচ্ছেন কিনা তা এখনও স্পষ্ট নয় জোট নিয়ে আলোচনা থমকে যাওয়ায়।
প্রধানমন্ত্রীর দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন আর এক নেতা পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাবল ভুট্টো জারদারি। তাঁর দল বিলাবলকে প্রধানমন্ত্রী করার শর্তে নওয়াজের দলের সঙ্গে বোঝাপড়ায় রাজি হয়েছিল। নওয়াজ ও বিলাবল ভাগাভাগি করে প্রধানমন্ত্রী থাকবেন এমন আলোচনাও এগিয়েছিল। কিন্তু মঙ্গলবার রাতে তিনি সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। মনে করা হচ্ছে, সেনা বাহিনীর সমর্থন পাবেন না বুঝেই তাঁর এই সিদ্ধান্ত।
সেনা প্রধান আসিফ মুনীর প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজকে ফের ক্ষমতায় চায়। কিন্তু নওয়াজ সরে দাঁড়ালেন জোট সরকারে নিজের কর্তৃত্ব নিয়ে তিনি সন্দিহান।
পাকিস্তানে জাতীয় সংসদ নির্বাচনে কোনও দলই সরকার গড়ার ম্যাজিক নম্বর পায়নি। আবার জোট গড়া নিয়েও তুমুল জটিলতা চলছে।
সবচেয়ে বেশি আসন পেয়েছে জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পার্টি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। ৩৩৬ আসনের সংসদে তাঁর দল ৯৪টি আসন পেয়েছে।
অন্যদিকে, নওয়াজ ও বিলাবলের দল হাত মেলাকেও সরকার গড়ার ম্যাজিক নম্বর জোগাড় করতে পারেনি।
এই অবস্থায়, বিলাবলের দল ঘোষণা করেছে তারা সরকারে যোগ দেবে না। বাইরে থেকে ইস্যু ভিত্তিক সমর্থন জানাবে। এই অবস্থায় নওয়াজ আর প্রধানমন্ত্রী হওয়ার ঝুঁকি নিতে চাইছেন না। তিনি ভাই শাহবাজকে এগিয়ে দিয়েছেন।
যদিও সরকার গড়ার ম্যাজিক নম্বর এখনও জোগাড় করে উঠতে পারেননি তিনি। ফলে সরকার গঠন এখনও অনিশ্চিত।