
পৃথিবীতে ফিরে এলেন সুনীতা উইলিয়ামস
শেষ আপডেট: 19 March 2025 07:02
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে অপেক্ষার অবসান। ২৮৬ দিন পর পৃথিবীতে ফিরে এলেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং ব্যারি বুচ উইলমোর (Barry Wilmore)। বুধবার ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ (ভারতীয় সময়) তাঁদের নিয়ে ফ্লরিডার সমুদ্রে অবতরণ করেছে স্পেস এক্স-এর মহাকাশযান (Space X)। তাঁদের সঙ্গে একই মহাকাশযানে ফিরেছেন নাসার (NASA) নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজ়ান্ডার গর্বুনভ। তবে কেউই এখনই বাড়ি যেতে পারবেন না। থাকতে হবে কোয়ারেন্টিনে।
ভারতীয় সময় বুধবার ভোর ৪টে ২২ নাগাদ স্পেস এক্স-এর ক্যাপসুল থেকে হাসি মুখে বেরিয়ে আসতে দেখা যায় সুনীতাদের। তারপর উদ্ধারকারী জাহাজ চড়ে স্থলভাগের উদ্দেশে রওনা দেন তাঁরা। গন্তব্য হিউস্টন জনসন স্পেস সেন্টার। আগামী কয়েক সপ্তাহে সেখানেই কোয়ারেন্টিনে থাকতে চলেছেন প্রত্যেকে। সুনীতাদের অবতরণের পুরো ভিডিও প্রকাশ করা হয়েছে নাসার তরফে। সেখানে দেখা যাচ্ছে, কীভাবে আটলান্টিক মহাসাগরে নামছে স্পেস এক্স-এর ক্যাপসুল এবং তারপর সেখান থেকে বেরিয়ে আসছেন সকলে।
কিন্তু কেন এখনই বাড়ি ফিরতে পারবেন না তাঁরা?
আসলে দীর্ঘদিন মহাকাশে থাকার কারণে শারীরিক নানা জটিলতার সৃষ্টি হয় মহাকাশচারীদের। সুনীতারাও ব্যতিক্রম নন। তাই এতদিন মহাকাশে থাকার কারণে পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারবেন না তাঁরা। পাশাপাশি মহাকাশ থেকে নতুন রোগ নিয়ে আশার আশঙ্কা থাকে, অন্যদিকে পৃথিবীর জীবাণুতেও সংক্রামিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁদের। তাই কোয়োরেন্টিনই একমাত্র উপায়।
এই প্রথমবার মহাকাশ যাননি সুনীতা বা উইলমোর কেউই। দীর্ঘদিন মহাকাশে থাকা, স্পেসওয়াক করার রেকর্ড রয়েছে তাঁদের। তবে, ৮ দিনের জন্য গিয়ে ৯ মাস আটকে থাকা তাঁদের দুজনের কাছেই প্রথম। সে ক্ষেত্রে বলা যায়, এবারের মিশন তাঁদের মনের মণিকোঠায় আলাদা করে জায়গা করে নিয়েছে। তাই মহাকাশ থেকে ফেরার আগে স্পেস স্টেশনে শেষ একটা ছবি তুলে এসেছিলেন তাঁরা।
গত বছরের জুন মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা এবং বুচ। আট দিন পরেই তাঁদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল। কিন্তু যে যানে চড়ে তাঁরা গিয়েছিলেন, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এতএব ফেরা হয়নি। তারপর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ঝুঁকি এবং নানা প্রতিকূলতাকে সঙ্গী করেই দিন কাটিয়েছেন তাঁরা। শেষমেশ, দীর্ঘ ন'মাস পর অবশেষে ঘরে ফিরলেন দুই মহাকাশচারী।