পাঁচ বছরের মাথায় মায়ানমারের সামরিক সরকার সে দেশে নির্বাচন করার কথা ঘোষণা করল। সামরিক সরকারের প্রধান জেনারে মিন অং হ্লাইং বৃহস্পতিবার রাজধানী নেপিডোয় ঘোষণা করেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে।

শেষ আপডেট: 31 July 2025 16:00
দ্য ওয়াল ব্যুরো: পাঁচ বছরের মাথায় মায়ানমারের সামরিক সরকার সে দেশে নির্বাচন করার কথা ঘোষণা করল। সামরিক সরকারের প্রধান জেনারে মিন অং হ্লাইং বৃহস্পতিবার রাজধানী নেপিডোয় ঘোষণা করেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। ভোটের প্রস্তুতি সারতে বৃহস্পতিবার থেকে জরুরি অবস্থা তুলে নেওয়া হল।
২০২১-এর ফেব্রুয়ারিতে আং সাং সু চির নির্বাচিত সরকারকে বরখাস্ত করে ক্ষমতা নিজেদের হাতে তুলে নেয় সেনা। সেনাপ্রধান জেনারেল হ্লাইং সামরিক কর্ণধার হন। ইতিমধ্যে তাঁর সেনাপ্রধান থাকার মেয়াদ ফুরিয়ে গেলে তিনি তা বাড়িয়ে নিয়েছেন। বরখাস্ত নেত্রী সু চি'কে গ্রেফতার করে সেনা সরকার। বিভিন্ন মামলায় তাঁর প্রায় ৩৫ বছর জেল হয়েছে।

সেনা নির্বাচনের ঘোষণা দিলেও রাজনৈতিক দলগুলি তা বয়কটের ডাক দিয়েছে। ওয়াকিবহাল মহল মনে করছে, সেটা জেনেই ভোটের সিদ্ধান্ত ঘোষণা করেছেন জেনারেল। তিনি একটি পুতুল পার্টি অর্থাৎ সেনার তৈরি দল তৈরি করে তাদের দিয়ে সরকার গড়তে চান। হ্লাইং নিজেই প্রেসিডেন্ট বা সামরিক আইন প্রশাসক হিসাবে ক্ষমতা ধরে রাখবেন।
বুধবারই সেনা সরকার আইন তৈরি করে বলেছে, নির্বাচনে বাধা দিলে দশ বছর পর্যন্ত জেল হবে।
পাঁচ বছর আগে সেনা শাসন জারির পর মায়ানমার গৃহযুদ্ধের মুখোমুখি হয়েছে। বিভিন্ন গোষ্ঠী সেনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।