
শেষ আপডেট: 1 February 2024 13:41
দ্য ওয়াল ব্যুরো: আদালতের নির্দেশে টানা ৬ মাসের বন্দিদশা থেকে মুক্তি পেল চিনের ‘গুপ্তচর’ পায়রা!
গত বছর মে মাসে মুম্বইয়ের রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজারস থানা এলাকার আকাশে একটি চিনা পায়রাকে ঘিরে সেখানকার মানুষের মধ্যে শোরগোল পড়ে যায়।
দেখা যায় পায়রার দু’পায়ে দুটো মেটাল প্লেট বসানো আছে। তাতে চিনা বা মান্দারিন ভাষায় কিছু লেখা। তবে কি বেলুন, অত্যাধুনিক সশস্ত্র ড্রোনের পর এবার ভারতের গোপন তথ্য জানতে পায়রাকে ‘গুপ্তচর’ হিসেবে ব্যবহার করছে চিন।
লোকমুখে খবর পৌঁছয় পুলিশের কাছেও। নানারকম খাবারের প্রলোভন দেখিয়ে পশু বিশারদদের সাহায্য অবশেষে পায়রাটাকে ধরা হয়। মেটাল প্লেটে কিছু সিনগ্যাল, ছবি রিসিভ করার ব্যবস্থাও নজরে আসে তদন্তকারীদের। এরপরই অফিসিয়ালি পায়রাটাকে ‘আটক’ করে পুলিশ। আদালতের নির্দেশে চিনের 'গুপ্তচর'কে পাঠানো হয় স্থানীয় পশু হাসপাতালে। সেখানে গোয়েন্দাদের নজরদারিতে খাওয়া দাওয়া সারছিল পায়রাটি।
শুরু হয় তদন্ত। মুম্বই পুলিশের পক্ষ থেকে ভারতের বিভিন্ন গোয়েন্দা এজেন্সির সঙ্গে যোগাযোগ করা হয়। অনুমান করা হয়, এটা আসলে ‘চাইনিজ স্পাই’। অতীতে যেরকম পায়রার পায়ে চিঠি বেঁধে খবর আদান প্রদান করা হত তেমনই চিনের পায়রার পায়ে লাগানো ওই মেটাল প্লেটের মাধ্যমে কিছু সিনগ্যাল, ছবি রিসিভ করার ব্যবস্থা রয়েছে বলে অনুমান করা হয়।
টানা কয়েকমাস ধরে ভারতের একাধিক গোয়েন্দা সংস্থা তদন্তে নেমে ‘গুপ্তচর’ রহস্যের কিনারা করে। গোয়েন্দাদের তরফে মুম্বই পুলিশকে জানানো হয়, তাইওয়ানে বিভিন্ন পাখি ওড়ার প্রতিযোগিতা হয়। কোনওভাবে সেখান থেকে একটি পায়রা পথ ভুলে ভারতের আকাশে ঢুকে পড়ে। তারপরে সোজা মুম্বই! প্রসঙ্গত, চিন বরাবরই দাবি করে তাইওয়ান তাঁদের।
তদন্তের বিষয়ে মুম্বই পুলিশ আদালতে বিস্তারিত জানায়। এরপরই আদালতের নির্দেশে গত মঙ্গলবার মুক্তি দেওয়া হয় চিনের ‘গুপ্তচর’ পায়রাকে।