
মোদী এবং মেলোনি
শেষ আপডেট: 23 February 2025 12:48
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক রাজনীতিতে উদারনীতির পরিবর্তে রক্ষণশীলতার ওজন বাড়াতেই চর্চা শুরু হয়েছে। এ ব্যাপারে কথা বলতে গিয়ে নরেন্দ্র মোদীর (Narendra Modi) নাম নিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Giorgia Meloni)। 'উদারপন্থী'দের 'ভণ্ড' বলেও উল্লেখ করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump), আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে, মোদী এবং নিজেকে এক আসনে রেখে মেলোনি রক্ষণশীলতার সপক্ষেও সওয়াল করলেন।
শনিবার ওয়াশিংটন ডিসিতে এক ভিডিও বার্তায় বামপন্থী রাজনীতিক থেকে শুরু করে উদারপন্থীদের আক্রমণ করেন মেলোনি। তাঁর মতে, পৃথিবীর সব জায়গায় দক্ষিণপন্থার উত্থানে উদারপন্থীরা হতাশ হয়ে পড়েছে। বিশেষ করে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তন সেই হতাশার সেই পালে আরও বেশি করে হাওয়া দিয়েছে।
ট্রাম্পের ভূয়সী প্রশংসা করে মেলোনি বলেন, "ট্রাম্পের জয়ে বামপন্থীরা হতাশ। তাঁদের বিরক্তি এখন জ্বালায় পরিণত হয়েছে। কারণ রক্ষণশীলরা শুধুমাত্র জয়ী হচ্ছেন না, আন্তর্জাতিক স্তরের পরস্পরের দিকে সহযোগিতার হাতও বাড়িয়ে দিচ্ছেন।"
মেলোনির কথায়, "নয়ের দশকে বিল ক্লিন্টন, টোনি ব্লেয়ার যখন বামপন্থী, উদারনীতির নেটওয়ার্ক তৈরি করেন, রাষ্ট্রনেতার খেতাব পান তাঁরা। কিন্তু আজকের দিনে ট্রাম্প, মেলোনি, হাভিয়ের অথবা মোদী ভাষণ দিতে গেলে, গণতন্ত্রের জন্য বিপজ্জনক বলে উল্লেখ করা হয়। এই হল বামপন্থীদের দ্বিচারিতা। এসব এখন আর গায়ে লাগে না। আশার কথা হল, মানুষও আর ওদের মিথ্যাচারে কান পাতেন না। এত কাদা ছোড়া হয় আমাদের দিকে, তার পরও মানুষ আমাদেরই ভোট দেন।"