তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।

শেষ আপডেট: 22 August 2025 09:33
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার ভোরে দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্ত কেঁপে উঠল ভয়াবহ ভূমিকম্পে (Earthquake)। রিখটার স্কেল বলছে, মাত্রা ছিল ৭.৫। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় ভোরে ড্রেক প্রণালী এলাকায় অনুভূত হয় (Drake Passage Quake)। ঘটনাটির কেন্দ্রস্থল আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলীয় শহর উশুয়াইয়া থেকে ৭০০ কিলোমিটারের বেশি দূরে এবং ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১১ কিলোমিটার।
প্রথমে রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৮.০ বলে জানানো হলেও পরে তা সংশোধন করে ৭.৫ করা হয়। ভূমিকম্পের পর চিলির নৌ-হাইড্রোগ্রাফিক ও মহাসাগরীয় পরিষেবা সংস্থা সতর্কতামূলক সুনামি সতর্কবার্তা জারি করেছে চিলির আন্টার্কটিক অঞ্চলের জন্য (Chile Tsunami Alert)।
তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। ভারতীয় সময় অনুযায়ী, শুক্রবার সকাল ৭টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।
এর আগে, ১৭ অগস্ট ইন্দোনেশিয়ার সুলাওয়েসি প্রদেশে ৫.৮ মাত্রার ভূমিকম্পে অন্তত ২৯ জন আহত হন, যাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। জাপান, হাওয়াইসহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলও গত জুলাইয়ে রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার ভূমিকম্পের পর সুনামির প্রভাব দেখেছিল।
বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের এই ধারাবাহিকতা সমুদ্রতলের টেকটোনিক পরিবর্তনের কারণে হতে পারে।