
লস এঞ্জেলেসের আগুন - ফাইল চিত্র
শেষ আপডেট: 23 January 2025 10:03
দ্য ওয়াল ব্যুরো: নতুন করে আগুন-আতঙ্ক লস এঞ্জেলেস জুড়ে। ফের দাবানল দেখা দিয়েছে লস এঞ্জেলেসের অদূরে। সেই কারণে তড়িঘড়ি ৫০ হাজার মানুষকে ঘর ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। পালিসেডেস এবং ইটন বিগত কিছুদিন ধরেই জ্বলছিল। এবার কাস্টাইক হ্রদ-সংলগ্ন এলাকায় নতুন করে অগ্নিকাণ্ড হয়েছে।
বুধবার রাতে থেকে নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, দমকা হাওয়ার কারণে ইতিমধ্যে ৯ হাজার একর বিস্তৃত এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। ক্যালিফর্নিয়া বন দফতর এবং দমকল বিভাগ সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। একই সঙ্গে, স্থানীয় এলাকাবাসীকে সতর্ক করে বলা হয়েছে, যে কোনও মুহূর্তে ঘর ছাড়তে হতে পারে তাঁদের। তাই তাঁরা যেন প্রস্তুত থাকেন।
লস এঞ্জেলেসের অগ্নিকাণ্ডে ইতিমধ্যে ৪০ হাজার একরের বেশি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে ২৩ হাজার একরই হল প্যাসিফিক প্যালিসেডসে। এর ভিতরে মাত্র ১৩ শতাংশ আগুন আয়ত্তে আনা গিয়েছে। ইটন অঞ্চলের আগুন মাত্র ২৭ শতাংশ আয়ত্তে এসেছে। এখনও পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। নিখোঁজ রয়েছেন বহু।
অনুমান করা হচ্ছে, এই অগ্নিকাণ্ডের পর বিমা কোম্পানিগুলির প্রিমিয়াম প্রচুর পরিমাণে যেতে পারে। বিশেষজ্ঞ সংস্থা জেপি মর্গানের ব্যাখ্যায় মোট ক্ষতির পরিমাণ পরিমাণ এবং বিমাকৃত ক্ষতির পরিমাণ ২০০০ কোটি থেকে ৫০০০ কোটি ডলারে পৌঁছে গিয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ১২০০০ বাড়ি সম্পূর্ণ বা কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচুর গাড়ি জ্বলে ছাই হয়ে গিয়েছে। এখানকার একেকটি বাড়ি নির্মাণ ও রক্ষণাবেক্ষণে খরচ ধরা হয়েছে ৩০ লক্ষ ডলার।
এবারের এই দাবানলকে দেশের সবথেকে ধ্বংসাত্মক অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছে। ঝড়ের বেগে বাতাস একটু কমলেও অগ্নিনির্বাপণের কাজ করা কর্মীদের শুকনো আবহাওয়া ও শুকনো ডালপালা, পাতা ও অন্যান্য দাহ্য পদার্থের মোকাবিলা চালিয়ে যেতে হচ্ছে।