
শেষ আপডেট: 6 February 2024 09:40
দ্য ওয়াল ব্যুরো: ব্রিটেনের রাজা চার্লস ক্যান্সারে আক্রান্ত। ভারতীয় সময় সোমবার বেশি রাতে বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে এই খবর জানিয়েছে।
প্যালেসের বিবৃতিতে আরও বলা হয়েছে, চিকিৎসকদের পরামর্শ মেনে চার্লস আপাতত তাঁর বাইরের যাবতীয় কর্মসূচি বাতিল করেছেন। প্যালেসেও তিনি অতিথিদের সঙ্গে সাক্ষাৎ বন্ধ রাখছেন। তবে রাষ্ট্রীয় কর্তব্য পালন করবেন। নিয়ম করে অফিস করবেন প্যালেসে।
চার্লসের কোথায় ক্যান্সার হয়েছে এবং তা কতটা গুরুতর সে ব্যাপারে প্যালেস কিছু জানায়নি। বলা হয়েছে, ৭৫ বছর বয়সি রাজা আত্মবিশ্বাসী দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আপাতত প্যালেসেই তাঁর চিকিৎসা চলবে।
কিছুদিন আগে চার্লসের প্রস্টেটের সমস্যার চিকিৎসা হয়েছিল। ফলে ধরে নেওয়া হয়েছিল তাঁর প্রস্টেট ক্যান্সার হয়েছে। প্রাসাদ সূত্র জানিয়েছে, প্রস্টেটের চিকিৎসার চেকআপের সময় রাজার শরীরের অন্যত্র ক্যান্সার ধরা পড়ে। ২০২২-এ মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর চার্লস ব্রিটেনের রাজা হন।